লেনদেনের ভারসাম্যহীনতায় অর্থনীতি ঝুঁকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি এবং একই সঙ্গে রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি অস্বাভাবিকভাবে বেড়েছে। আর এই ঘাটতি বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ বাড়িয়েছে।বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ এমন মন্তব্য করেছে। তারা বলেছে, সরকারি নীতিনির্ধারণে অদূরদর্শিতা, অভ্যন্তরীণ অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার কারণে বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা ক্রমেই বাড়ছে। ফলে এই দশকে প্রথমবারের মতো বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ঘাটতি দেখা গেছে। এটা বিশ্বে বাংলাদেশের অবস্থান হুমকির মুখে ফেলতে পারে।জুন মাসভিত্তিক দেশের অর্থনৈতিক পর্যালোচনায় এসব পর্যবেক্ষণ তুলে ধরে উন্নয়ন অন্বেষণ। সংস্থাটি থেকে সম্প্রতি এই পর্যালোচনা বিজ্ঞপ্তি আকারে সংবাদপত্রে পাঠানো হয়।উন্নয়ন অন্বেষণের মতে, বাণিজ্য ঘাটতি বাড়ার প্রধান কারণ হলো—পণ্য আমদানির সঙ্গে তাল মিলিয়ে রপ্তানি বাড়ছে না। বিদ্যুৎ খাতে কোটাভিত্তিক ভাড়া বিদ্যুৎ প্রকল্পসহ নীতিনির্ধারণে অদূরদর্শিতা আমদানি ব্যয় বাড়িয়ে দিচ্ছে। জ্বালানি তেল আমদানির ব্যয় মেটাতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। ফলে ডলারের বিপরীতে টাকার মান কমছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমছে। আবার বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে মূলধনি যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্যের আমদানি কমেছে। এটি বিনিয়োগ ও রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।এই অবস্থায় লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং বৈদেশিক সহায়তা না এলে বাংলাদেশ ব্যাংককে আবারও টাকার অবমূল্যায়ন এবং ব্যাপক হারে আমদানি কমাতে হতে পারে বলে মনে করে গবেষণা সংস্থাটি।বাণিজ্য ভারসাম্যের বিষয়ে উন্নয়ন অন্বেষণ বলেছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে পণ্য আমদানি ব্যয় (ইপিজেডসহ) ছিল দুই হাজার ৬৮৮ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে যা ৮ দশমিক ৬৫ শতাংশ বেশি। এই সময়ে বাণিজ্য ঘাটতি ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৩৪ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছায়। ২০১০-১১ অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬৬৮ কোটি ৫০ লাখ ডলার।সাধারণত, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলে আমদানি ব্যয় কিছুটা কমে এবং রপ্তানি আয় বাড়ে। উন্নয়ন অন্বেষণ বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস থেকেই ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হতে থাকে। এপ্রিলে টাকা অবমূল্যায়িত হয় দশমিক ১১ শতাংশ। তখন বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ১০১ কোটি ৫৫ লাখ ডলার। আগের মাসের চেয়ে তা সাড়ে ১৭ শতাংশ বেশি। সংস্থাটির মতে, ২০০৬-০৭ অর্থবছরের পর থেকেই আমদানি সূচকের ঊর্ধ্বগতি হওয়ায় বাণিজ্য শর্ত নিম্নমুখী ধারায় রয়েছে। এটা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি।ঋণ ও সুদ পরিশোধের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি লেনদেনের ভারসাম্যে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছে উন্নয়ন অন্বেষণ। বলেছে, চলতি অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে সুদ পরিশোধের পরিমাণ ছিল ৩৪ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে তা ১৬ দশমিক ৭২ শতাংশ বেশি।সংস্থাটি বলছে, বাজেট ঘাটতি এবং তা মোকাবিলায় বেশি ঋণ নিতে হবে বলে আগামী অর্থবছরে সুদ পরিশোধের পরিমাণ আরও বাড়বে। বর্তমান ধারা চলতে থাকলে সুদ পরিশোধের পরিমাণ আগামী অর্থবছরে ২৩ কোটি ২০ লাখ ডলারে পৌঁছাতে পারে।উন্নয়ন অন্বেষণের প্রাক্কলন হচ্ছে, চলতি অর্থবছরের শেষ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৯৪৪ কোটি ২২ লাখ ডলারে দাঁড়াতে পারে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৪৭ শতাংশ কম। আর চলতি অর্থবছরের ধারা অব্যাহত থাকলে আগামী অর্থবছরে রিজার্ভের পরিমাণ হবে এক হাজার ১৩৮ কোটি ৯২ লাখ ডলার।গবেষণা সংস্থাটি বলেছে, চলতি অর্থবছরের ধারা অব্যাহত থাকলে সামগ্রিক ভারসাম্যের ঘাটতি সামনের অর্থবছরগুলোতে আরও বাড়তে পারে। ২০১২-১৩ অর্থবছরে সামগ্রিক ভারসাম্যের ঘাটতি বেড়ে ১১১ কোটি ৫৮ লাখ ডলার হতে পারে।