চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশের লেনদেনের ভারসাম্যে চাপ খানিকটা কমেছে বলে প্রতীয়মান হয়। এই সময়কালে একদিকে বাণিজ্য ঘাটতি খানিকটা কমেছে, অন্যদিকে বেড়েছে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪০ কোটি ৯০ লাখ ডলার। আর ২০১০-১১ অর্থবছরের একই সময় পণ্যবাণিজ্যে ঘাটতি ছিল ৭৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ পণ্যবাণিজ্যে ঘাটতি প্রায় অর্ধেকে নেমে এসেছে।এই সময়কালে পণ্য রপ্তানির প্রবৃদ্ধির তুলনায় পণ্য আমদানির প্রবৃদ্ধি অনেক কম হওয়ায় বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে।জুলাই-আগস্ট সময়কালে পণ্য রপ্তানিতে প্রায় ৩১ শতাংশ প্রবৃদ্ধি হলেও একই সময় পণ্য আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৭ শতাংশ। এটি অবশ্য এফওবি হিসেবে। গত অর্থবছরের মধ্যভাগ থেকে আমদানির উচ্চ প্রবাহ প্রশমিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে অধিকতর বাজারভিত্তিক করে দেয়। এটা আমদানিব্যয় নিয়ন্ত্রণে খানিকটা ভূমিকা রেখেছে। এর প্রভাব এখনো অব্যাহত আছে বলে বোঝা যায়। বাণিজ্য ঘাটতি কমে যাওয়ার পাশাপাশি প্রবাসী আয় প্রবাহে প্রবৃদ্ধিও সন্তোষজনক পর্যায়ে আছে বলে দেখা যায়। এই দুই মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ শতাংশের বেশি। এর ফলে চলতি হিসাবের ভারসাম্যের অবস্থাও বেশ ভালো হয়েছে।আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ১১৯ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আর গত অর্থবছরের একই সময় ছিল ৬২ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত। অর্থাৎ চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তও প্রায় দ্বিগুণ হয়ে গেছে।শুধু তাই নয়, দুই মাসে চলতি হিসাবের উদ্বৃত্ত গত অর্থবছরের মোট উদ্বৃত্ত অবস্থাকেও ছাড়িয়ে গেছে। গত অর্থবছর চলতি হিসাবে ৯৯ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছিল।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। মোটা দাগে এটার উদ্বৃত্ত বোঝায় যে, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে, ঋণ করে সেই ঘাটতি পূরণ করতে হয়।অবশ্য আর্থিক হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ঘাটতি দাঁড়িয়েছে ১০০ কোটি ৭০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময় ঘাটতি ছিল ৯৬ কোটি ৯০ লাখ ডলার।এই সময়কালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ডলার। সামগ্রিকভাবে অর্থবছরের প্রথম দুই মাসে লেনদেনের ভারসাম্যে আট কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আর গত অর্থবছরের একই সময় ছিল সাড়ে নয় কোটি ডলারের ঘাটতি।