লেনদেনের ভারসাম্যে চাপ কমছে
শেষ হয়ে যাওয়া ২০১১-১২ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) দেশের লেনদেনের ভারসাম্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে এটা প্রায় নিশ্চিত যে অর্থবছর শেষে চলতি হিসাবে সন্তোষজনক উদ্বৃত্তাবস্থা থাকবে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের ১১ মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৭৫ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত রয়েছে। আর ১০ মাসে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ৫০ কোটি ৯০ লাখ ডলার। অন্যদিকে ২০১০-১১ অর্থবছরের ১১ মাসে চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ ছিল ৩৬ কোটি ৫০ লাখ ডলার।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। মোটা দাগে এটার উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঋণ করে সেই ঘাটতি পূরণ করতে হয়।প্রাপ্ত পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৯৫ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের ১১ মাসে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৪৯ কোটি ৮০ লাখ ডলার। সে হিসেবে পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে প্রায় সোয়া ৬ শতাংশ।গত অর্থবছর আমদানি ও রপ্তানি প্রবৃদ্ধির হার উভয়ই উল্লেখযোগ্য হারে শ্লথ হয়ে পড়ে। সে কারণে বাণিজ্য ঘাটতিও বড় আকার ধারণ করতে পারেনি।তবে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি তুলনামূলকভাবে দ্রুত বেড়ে চলেছে বলে প্রতীয়মান হয়। গত অর্থবছরের জুলাই-মে সময়কালে সেবা বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৩৭ কোটি ৪০ লাখ ডলার। আর তার আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ২২০ কোটি ডলার।লক্ষণীয় বিষয় হলো, সেবা খাতে রপ্তানির তুলনায় আমদানি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ২০১১-১২ অর্থবছরের ১১ মাসে সেবা খাতে রপ্তানি বাবদ ২৪৯ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। একই সময়ে এই খাতে ব্যয় পরিশোধে গেছে ৪৮ কোটি ৯০ লাখ ডলার।বিমা, পর্যটন ইত্যাদি সেবা খাতে অন্তর্ভুক্ত করা হয়।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ তার আগের বছরের একই সমযের তুলনায় প্রায় ৫১ শতাংশ বেড়েছে।২০১০-১১ অর্থবছরের জুলাই-মে সময়কালে যেখানে ৭০ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল, সেখানে ২০১১-১২ অর্থবছরে একমি সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ কোটি ১০ লাখ ডলার। আবার একই সময়ে পুঁজিবাজারে পোর্টফোলিও বিনিয়োগ এসেছে ১৫ কোটি ৭০ লাখ ডলারের।আলোচ্য সময়কালে বিদেশি সহায়তার প্রবাহ কিছুটা বেড়েছে বলেও প্রতীয়মান হয়। ২০১০-১১ অর্থবছরের ১১ মাসে যেখানে ৯০ কোটি ১০ লাখ ডলারের মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া গিয়েছিল, সেখানে গত বছরের একই সময়ে পাওয়া গেছে ১২৩ কোটি ৬০ লাখ ডলারের ঋণ।সার্বিকভাবে লেনদেনের ভারসাম্যে ১১ মাসে এক কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে, যেখানে ১০ মাসে ছিল ১০ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি। অন্যদিকে ২০১০-১১ অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৪ কোটি ৭০ লাখ ডলার।তবে আলোচ্য সময়কালে আর্থিক হিসাবের ভারসাম্যে৬৪ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অবশ্য তার আগের বছরের একই সময়েএই ঘাটতির পরিমাণছিল১৮৫ কোটি ৩০ লাখ ডলার।