লেনদেনের ভারসাম্যে চাপ বাড়ছে ধীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থবছরের প্রথম চার মাস
অর্থবছরের প্রথম চার মাস

দেশের আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি কমার পাশাপাশি চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তও কমে গেছে। আর অর্থনীতির গতিময়তা কমে যাওয়ার পাশাপাশি সার্বিক লেনদেনের ভারসাম্য কিছুটা চাপের মুখে পড়তে শুরু করেছে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) লেনদেনের হালনাগাদকৃত ভারসাম্য সারণি বিশ্লেষণ করে এমনটি প্রতীয়মান হয়েছে।
এতে দেখা যায় যে এই সময়কালে পণ্যবাণিজ্যে ঘাটতি ২০১২-১৩ অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৩ শতাংশ কমেছে। কেননা, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম চার মাসে পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১৯২ কোটি ৮০ লাখ ডলার। আর আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৫১ কোটি ৭০ লাখ ডলার।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় যে এই চার মাসে আমদানি ব্যয় যে হারে বেড়েছে, রপ্তানি আয় তার চেয়ে বেশি হারে বেড়েছে। ফলে আমদানি-রপ্তানির মধ্যকার ব্যবধান বা বাণিজ্য ঘাটতি কমেছে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে এই চার মাসে দেশে পণ্য রপ্তানি আয় বেড়েছে প্রায় ১৭ শতাংশ। আর একই সময়ে পণ্য আমদানি ব্যয় বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।
এটি অবশ্য আমদানি-রপ্তানির এফওবি হিসাব, যেখানে শুধু জাহাজীকৃত পণ্যের দর বিবেচনা করা হয়। আর সিঅ্যান্ডএফ হিসাবে পণ্য জাহাজীকরণের পাশাপাশি বিমা ও পণ্য ওঠানো-নামানোর ব্যয় যুক্ত করা হয়।
যেমন, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এফওবি বা লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে আমদানি ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ১১৫ কোটি ৫০ লাখ ডলার। আর সিঅ্যান্ডএফ হিসাবে এই সময়ে আমদানি ব্যয় এক হাজার ১৯৬ কোটি ডলার।
অবশ্য লেনদেনের ভারসাম্য সারণি থেকে এও দেখা যায় যে চলতি অর্থবছরের প্রথম চার মাসে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়ে হয়েছে ১২৯ কোটি ৪০ লাখ ডলার।
সেবা খাতের বাণিজ্যে আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণের বেশি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।
সব মিলিয়ে আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ৭০ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। তবে আগের বছরে একই সময়ে তা ছিল ৭২ কোটি ১০ লাখ ডলার।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
মূলত প্রবাসী-আয়ের প্রবাহ কিছুটা কমে যাওয়ায় তা চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা কিছুটা কমিয়ে দিয়েছে। এই সময়কালে প্রবাসী-আয়প্রবাহ কমেছে ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে অর্থবছরের প্রথম চার মাসে দেশে ৫৩ কোটি ৮০ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় দেড় শতাংশ বেশি। বলা যায়, বিদেশি বিনিয়োগপ্রবাহ শ্লথ হয়ে পড়েছে।
আবার মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণপ্রবাহ এই সময়কালে ২৯ দশমিক ১৩ শতাংশ কমে গেছে। গত অর্থবছরের প্রথম চার মাসে যেখানে ৬১ কোটি ১০ লাখ ডলারের ঋণ পাওয়া গিয়েছিল, চলতি অর্থবছরের প্রথম চার মাসে সেখানে পাওয়া গেছে ৪৩ কোটি ৩০ লাখ ডলারের সহায়তা।
সার্বিকভাবে অর্থবছরের জুলাই-অক্টোবর সময়কালে লেনদেনের ভারসাম্যে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। তবে তার আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১৯২ কোটি ৩০ লাখ ডলার।
এসব পরিসংখ্যান থেকে প্রতীয়মান হয় যে অর্থবছরের প্রথম চার মাসে লেনদেনের ভারসাম্য পরিস্থিতি কিছুটা চাপের মুখে পড়েছে। একই সঙ্গে অর্থনীতির গতিময়তাও যে কমে গেছে, তারও প্রতিফলন আছে এই পরিসংখ্যানে।
অর্থবছরের প্রথম চার মাস
৭০
কোটি ডলারের চলতি হিসাবের উদ্বৃত্ত
১৯৩
কোটি ডলার ঘাটতি হয়েছে পণ্যবাণিজ্যে
১.৩
শতাংশ বেড়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ
১০
শতাংশ কমেছে প্রবাসী আয়ের প্রবাহ
২৯
শতাংশ কমেছে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণপ্রবাহ