লেনদেনের ভারসাম্যের ওপর চাপ অনেকটাই কমেছে
চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ উল্লেখযোগ্য হারে কমেছে। দেখা দিয়েছে স্বস্তিদায়ক অবস্থা। বাণিজ্য ঘাটতি হ্রাস ও চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থার প্রভাবে এটি ঘটেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায় যে ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৩৬৭ কোটি ৫০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৫৮ কোটি ডলার। রপ্তানি আয়ে প্রবৃদ্ধি থাকলেও আমদানি ব্যয় আগের বছরের তুলনায় কমে যাওয়ার ফলে এ রকম অবস্থা দেখা দিয়েছে।অবশ্য সেবা খাতের বাণিজ্য ঘাটতি ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধের ১৬২ কোটি ৬০ লাখ ডলারের চেয়ে কিছুটা বেড়ে চলতি অর্থবছরের প্রথমার্ধে ২১০ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত হয়েছে। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথমার্ধে চলতি হিসাবের ভারসাম্যে ৮৫ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬৪ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি। সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়।প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমে যাওয়ায় চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত পরিস্থিতি দেখা দিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা বেড়ে যাওয়ার ইতিবাচক প্রভাব পড়ায় আলোচ্য সময়ে আর্থিক হিসাবেও বড় ধরনের উদ্বৃত্ত দেখা দিয়েছে। গত অর্থবছরের প্রথমার্ধে যেখানে ৭৮ কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথমার্ধে আর্থিক হিসাবে ১৯২ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে।অর্থবছরের প্রথমার্ধে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৭৫ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯ কোটি ৮০ লাখ ডলারের বিনিয়োগ।আবার আলোচ্য সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ দেশে এসেছে ১০৫ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৯১ শতাংশ বেশি। এ ছাড়া এই সময়কালে সরকার ১৩ কোটি ৮০ লাখ ডলারের বাণিজ্যিক ঋণ গ্রহণ করেছে। সরবরাহকারী ঋণকেই বাণিজ্যিক ঋণ বলা হয়ে থাকে। গত অর্থবছরের প্রথমার্ধে নেওয়া হয়েছিল ১০ কোটি ৩০ লাখ ডলার। সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথমার্ধে লেনদেনের ভারসাম্যে ২৪২ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে ৯৯ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি ছিল।আবার ডিসেম্বর শেষে এসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ২০০ কোটি ডলারের ওপরে উঠেছে। গত অর্থবছরের ডিসেম্বর শেষে যেখানে রিজার্ভ ছিল ৯৮৯ কোটি ৩০ লাখ ডলার, সেখানে এ অর্থবছরের ডিসেম্বর শেষে তা হয়েছে এক হাজার ২৬১ কোটি ৭০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে এটি প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম।