লোকসানি কোম্পানি পেল ১০ কোটি টাকা
নতুন করে গড়ে তুলতে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কোম্পানিকে (আইআইএফসি) ১০ কোটি টাকা দিচ্ছে সরকার। চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে রাখা ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা’ খাত থেকে থোক বরাদ্দ হিসেবে এ টাকা দিতে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মতি দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীনে ১৯৯৯ সালে গঠিত আইআইএফসি একটি সরকারি কোম্পানি। ২০১১-১২ অর্থবছর পর্যন্ত কোম্পানিটি লাভজনক ছিল। এরপর থেকেই এটি লোকসানি কোম্পানিতে পরিণত হয়।
জানা গেছে, ২০১৪ সালের ২৫ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় সরকারের কাছ থেকে অনুদান নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের সূত্র ধরেই টাকা চেয়ে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন গত ২৭ মার্চ অর্থসচিব মাহবুব আহমেদকে চিঠি দেন।
জানতে চাইলে অর্থসচিব গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আইআইএফসির কাজ ভালো, কোম্পানিটির দরকারও আছে। মাঝখানে একটু ঝিমিয়ে পড়েছিল। নতুন করে গড়ে ওঠার জন্যই টাকা দেওয়া হচ্ছে।’
কোম্পানির দায়দেনা পরিশোধ, নিজস্ব কার্যালয় স্থাপন এবং চলতি মূলধনের জন্য এ অনুদানের দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়। অর্থসচিব মাহবুব আহমেদ এতে একমত পোষণ করেন। গত ২৮ আগস্ট এ ব্যাপারে অর্থমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপও উপস্থাপন করেন অর্থসচিব।
সারসংক্ষেপে বলা হয়, বাড়িভাড়ায় কোম্পানিটিকে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে। আর অনেক কাজ বিঘ্নিত হচ্ছে চলতি মূলধনের অভাবে। কাজ পেতে অনেক সময় ওয়ারেন্টি দিতে হয়, কিন্তু কোম্পানিটির কাছে কোনো টাকা নেই। ১০ কোটি টাকার অর্ধেক স্থায়ী আমানতে রাখা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
আইআইএফসি সূত্রে জানা গেছে, কেনিয়া, পাকিস্তান, রুয়ান্ডাসহ দেশের ৯৫টি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করেছে আইআইএফসি। এর মধ্যে এলএনজি পাওয়ার প্ল্যান্ট, ঢাকা সিটি করপোরেশন, পেট্রোবাংলা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার অনেক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ উল্লেখযোগ্য।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন গত জুলাইয়ের শেষ দিকে আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দেন।
গতকাল মঙ্গলবার গোলাম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্ভাব্যতা যাচাই ও গবেষণা—এ দুটো আইআইএফসির প্রধান কাজ। কিন্তু অনেক সম্ভাবনা থাকলেও কোম্পানিটি ভালো কিছু দেখাতে পারছিল না। তাই কোম্পানিটিকে জাগ্রত ও কার্যকর করার বিষয়টিকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
কোম্পানিটির স্থায়ী কার্যালয়ের জন্য জায়গার সন্ধানে আজ বুধবার পূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানান গোলাম হোসেন।