এ সপ্তাহের সাক্ষাৎকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, আসন্ন বাজেট ও তৈরি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ তসলিম
লোক দেখানো ব্যয় শুধু সম্পদের অপচয় ঘটাবে
প্রথম আলো: চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ০৩ শতাংশ হয়েছে। অর্থাৎ গত বছরের চেয়ে এটি কমেছে। প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয়টি কীভাবে দেখছেন?এম এ তসলিম: প্রবৃদ্ধির হার গতবারের চেয়ে কমলেও খুব কাছাকাছিই আছে। এটাকে খারাপ অবস্থা বলা যাবে না। বিশ্ব অর্থনীতি ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি ভালো বলতে হবে। বরং যেটা স্পষ্ট তা হলো, অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। রাজস্ব আদায় পরিস্থিতি থেকে এটি আরও স্পষ্ট হয়। কেননা, উৎপাদন কমে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে জানিয়েছে যে আগামী অর্থবছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা বলা হচ্ছে, তা অর্জন করা খুব কঠিন হবে। এবারই শেষের দিকে এসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদি অর্থনীতির গতি যথেষ্ট জোরালো থাকত, তাহলে রাজস্ব আদায় ভালো হতো। আগামীতে তাই রাজস্ব আদায় বাড়াতে হলে উৎপাদন কর্মকাণ্ড জোরদার করতে হবে। একই সঙ্গে বাড়াতে হবে করের আওতা।প্রথম আলো: মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৭ দশমিক ২০ শতাংশ। তা অর্জিত হলো না। মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫০ শতাংশে বেঁধে রাখার কথা বলা হয়েছে। কিন্তু মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী। এখানে কী হতে যাচ্ছে?এম এ তসলিম: মূল্যস্ফীতির হার গত অর্থবছরের চেয়ে বেশ কমে এসেছিল। এখন আবার তা বাড়ছে। মূলত বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতির হার নিচের দিকে নেমে আসে। এ জন্য অবশ্য প্রবৃদ্ধিও কমাতে হয়েছে। সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণ করা হয়েছে। সামগ্রিক চাহিদা কমে যাওয়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথগতি এসেছে। এটি প্রবৃদ্ধির হার কমিয়েছে। অবশ্য এখন আবার মুদ্রানীতি শিথিল করার জন্য বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ তৈরি হয়েছে। ফলে আগামীতে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। গত দুই মাসে তার কিছুটা আভাস মিলেছে।প্রথম আলো: এ অবস্থায় ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে নির্বাচন সামনে রেখে বাজেট ব্যয় পরিকল্পনা কতটা যৌক্তিক হবে?এম এ তসলিম: সাধারণত আমাদের দেশে অর্থবছরের প্রথমার্ধে বড় ধরনের উন্নয়ন ব্যয় হয় না। শেষার্ধে এসে ব্যয় যথেষ্ট বাড়ে। আবার বর্তমান সরকারের মেয়াদের শেষ সময়টুকু আগামী অর্থবছরের প্রথমার্ধে পড়েছে। সে হিসাবে সরকার তেমন একটা ব্যয় হয়তো করতে পারবে না। তবে নির্বাচনী চিন্তা থেকে কাজ দেখানোর জন্য বিভিন্নভাবে ব্যয় বাড়বে। বিভিন্ন এলাকায় কিছু বাড়তি অর্থ ব্যয় হবে। তাতে উন্নয়নকাজ তেমন হবে না, হবে সম্পদের অপচয়, হবে স্বার্থসংশ্লিষ্ট বণ্টন। আবার ব্যয় করতে হলে তো আয়ও প্রয়োজন। কিন্তু আগামী অর্থবছরে উচ্চহারে রাজস্ব আয় আদায় যে খুব কঠিন হবে, তা তো রাজস্ব বোর্ড ইতিমধ্যে বলে দিয়েছে।প্রথম আলো: প্রথমে তাজরীন, তারপর রানা প্লাজায় সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। এটা থেকে উত্তরণ কীভাবে সম্ভব?এম এ তসলিম: যদি আমরা সত্যিই আন্তরিক হই এবং আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হই যে পোশাক কারখানার নিরাপত্তা জোরদার ও কাজের পরিবেশ উন্নত করা হবে এবং শ্রমিকদের ভালো মজুরি দেওয়া হবে, তাহলে হয়তো চাপটা কমবে। পোশাকশিল্প রপ্তানির বাজারে বড় কোনো সংকটে আর পড়বে না। আবার এখন বিশ্বে পোশাকশিল্প খাতে কাঠামোগত পরিবর্তন আসছে। মজুরি বাড়তে থাকায় চীন এই শিল্প থেকে ধীরে ধীরে সরে আসছে। এই জায়গাটা বাংলাদেশেরই নিতে পারার কথা। সুতরাং, সাভার ট্র্যাজেডি আমাদের পোশাক খাতকে বড়ভাবে সংস্কারের একটা ক্ষেত্র তৈরি করেছে। এটা প্রয়োজন এবং করতে হবে।প্রথম আলো: কিন্তু পোশাকশিল্পের মালিকেরা কতটা প্রস্তুত? সরকারই বা কতটা সক্রিয় পদক্ষেপ নিতে পারবে?এম এ তসলিম: শিল্পমালিকেরা যতটুকু সম্ভব মজুরি না বাড়ানোর চেষ্টা করেন, এটাই বাস্তবতা। তবে মজুরি বাড়াতেই হবে। এটার কোনো বিকল্প নেই। অন্তত দুই বছর পর পর মজুরি পর্যালোচনা ও সমন্বয় করা উচিত। এখন মজুরি বাড়ানোর যে কথা বলা হচ্ছে, তা তো আসলে মজুরি বৃদ্ধি নয়, মজুরি সমন্বয়। ২০১০ সালের পর তিন বছরে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে তো শ্রমিকদের প্রকৃত আয় অনেক কমে গেছে।প্রথম আলো: বলা হচ্ছে, অনেক কারখানাই মজুরি বাড়ালে আর টিকতে পারবে না।এম এ তসলিম: এখন আসলে ঠিক করতে হবে যে ছোট বা প্রান্তিক কারখানাগুলোর প্রয়োজন আছে কি না। যেগুলো শ্রমিককে জীবন ধারণের যোগ্য মজুরি দিয়ে উৎপাদন ও ব্যবসা করতে পারবে, সেগুলোর টিকে থাকা উচিত। সমস্যা হলো, এই পোশাক খাতের মতো অন্য কোনো খাত বড় কর্মসংস্থান করতে পারছে না। তাই এই খাতে শ্রমিকের সরবরাহ বেশি। এটাও মজুরি কম হওয়ার একটা কারণ। কাজেই সামগ্রিকভাবে কর্মসংস্থান বাড়ানোর দিকে আমাদের জোর দিতে হবে।[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]