লোকসান মেনেই বেসরকারি খাতে যাচ্ছে দুই বস্ত্রকল
বড় অঙ্কের লোকসান মেনে নিয়েই শেষ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত দুটি বস্ত্রকল ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বেসরকারিকরণ কমিশন। বস্ত্রকল দুটি হলো মাগুরা টেক্সটাইল মিলস ও রাঙ্গামাটি টেক্সটাইল মিলস। দুটি প্রতিষ্ঠানই পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত সম্পদ। গতকাল বেসরকারিকরণ কমিশনের ৫৩তম সভায় প্রতিষ্ঠান দুটি ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল এসব তথ্য জানান। জানা গেছে, সরকারি উদ্যোগে মিল দুটি পরিচালিত হবে, নাকি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে—এ নিয়ে মন্ত্রণালয় ও কমিশনের মধ্যে দীর্ঘ দিনের টানাহেঁচড়া শেষে গতকাল ব্যক্তি খাতে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কমিশনের হিসাব অনুযায়ী, দুটি বস্ত্রকল বিক্রি করে সরকার পাবে প্রায় ৫৬ কোটি ৬০ লাখ টাকা। এর বিপরীতে সরকারকে লোকসান মেনে নিতে হবে ২৩১ কোটি ৭৫ লাখ টাকার বেশি। দীর্ঘদিনের পুঞ্জিভূত দেনা পরিশোধ ও নিরূপিত সম্পদমূল্যের সমান দাম না পাওয়ায় এ লোকসান মেনে নিতে হচ্ছে। বেসরকারিকরণ কমিশনের কর্মকর্তারা বলছেন, যদি এসব প্রতিষ্ঠান বিক্রি না করে ধরে রাখা হয় তাতে সরকারের লোকসান আরও বেশি হবে। তবে লোকসান সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি সরকারের হাতে ধরে রাখার ফলে দেনার পরিমাণ বেড়েছে। যদি আরও আগে প্রতিষ্ঠান দুটিকে ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া সম্ভব হতো তাহলে দেনার দায় কিছুটা হলেও কমত। কমিশন জানিয়েছে, প্রতিষ্ঠান দুটি বিক্রির জন্য গত কয়েক বছরে আট-দশবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কোনো বারই প্রত্যাশিত দর পাওয়া যায়নি। সর্বশেষ চলতি বছরের শুরুতে আবারও দরপত্র আহ্বান করা হয়। তাতে মাগুরা টেক্সটাইল মিলের জন্য সর্বোচ্চ সাড়ে ২৮ কোটি টাকা দর প্রস্তাব করে রাজধানীর উত্তরায় অবস্থিত মেসার্স কবির এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। আর রাঙ্গামাটি টেক্সটাইল মিলের জন্য সর্বোচ্চ ২৮ কোটি ১০ লাখ টাকা দরপ্রস্তাব করে রাজধানীর বংশালে অবস্থিত মেসার্স সাত্তার এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠান। কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সভায় প্রতিষ্ঠান দুটি বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে কমিশনের সদস্যরা বলেছেন দরদাতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কিছুটা বাড়তি দাম আদায়ের উদ্যোগ নিতে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। সেই চেষ্টা আমি করব, যাতে সরকারের লোকসান কিছুটা হলেও কমে আসে।’বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘এখনো যদি প্রতিষ্ঠান দুটি ব্যক্তি খাতে ছেড়ে না দিয়ে অপেক্ষা করতে থাকি, তাহলে ক্ষতি ছাড়া সরকারের কোনো লাভ হবে না। একাধিকবার চেষ্টা করেও সরকারি উদ্যোগে এসব মিল সচল ও লাভজনক করা সম্ভব হয়নি। বরং বেসরকারি খাতে ছেড়ে দিলে সেটি লাভজনক হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর লাভজনক হলে প্রতিষ্ঠানগুলো থেকে সরকার বিপুল রাজস্ব আদায় করতে পারবে। পাশাপাশি নতুন করে কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’