
দেশের বিভিন্ন জেলায় মৌসুমি চামড়া ব্যবসায়ীদের এবার ব্যাপক লোকসান দিয়ে চামড়া বিক্রি করতে হয়েছে। ঈদুল আজহার দিন পাড়া-মহল্লা ও গ্রাম থেকে চামড়া কিনে আড়ত বা হাটে নিয়ে গিয়ে তাঁরা দেখেন, কেনা দামের তুলনায় সেখানে দাম অনেক কম।
অনেকে অভিযোগ করেছেন, বিভিন্ন হাটে পাইকারি ব্যবসায়ীরা একজোট হয়ে দাম কমিয়ে দিয়েছেন। অন্যদিকে আড়তমালিক ও পাইকারদের দাবি, ট্যানারিতেই দাম কম নির্ধারণ করা হয়েছে। তাই বেশি দামে কেনার সুযোগ নেই।
বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, ভোলায় এক-একটি গরুর চামড়া ২০০ থেকে ৭০০ টাকা, জয়পুরহাটে ৪০০ থেকে ১ হাজার টাকা, চাঁপাইনবাবগঞ্জে ৩০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, পঞ্চগড়ে ভালো চামড়া সর্বোচ্চ ১ হাজার ও সাধারণ চামড়া ৪০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়েছে।
ঈদের দিন নীলফামারীর বড় বাজারে প্রতিটি গরুর চামড়া ৪০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি করেছেন বিক্রেতারা। লক্ষ্মীপুরের রায়পুরে গত বুধবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে চামড়া বিক্রি হয় গড়ে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। দুপুরে দাম কমে ৭০০ থেকে ১ হাজার টাকায় নেমে যায়।
এ বছর ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ ও ছাগলের চামড়া ১৫ টাকা দরে কেনার কথা জানিয়েছিলেন ব্যবসায়ীরা। গরুর চামড়ার দাম কিছুটা মিললেও বিভিন্ন জেলায় খাসি ও ছাগলের চামড়া নামমাত্র দামে কেনাবেচা হয়েছে।
জয়পুরহাটের কালাই উপজেলা সদরের বাসিন্দা শহিদুল ইসলাম সোয়া ২ মণ মাংস হয়েছে এমন একটি গরুর চামড়া মাত্র ৪০০ টাকায় বিক্রি করেছেন। তিনি জানান, গত বছর একই আকারের একটি গরুর চামড়া তিনি ১ হাজার টাকায় বিক্রি করেছিলেন।
একই জেলার সদর উপজেলার জামালপুর গ্রামের মৌসুমি ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, গরুর ৭টি ও ছাগলের ৩০টি চামড়া কিনে তাঁকে ৩ হাজার ১০০ টাকা লোকসান গুনতে হয়েছে।
পঞ্চগড়ে গত বছর ভালো দাম পাওয়া গিয়েছিল। কিন্তু এবার ক্ষুদ্র ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়েও কম দামে চামড়া কিনেছেন। জেলার সদর উপজেলার জালাসী এলাকার আবদুল মজিদ জানান, কোনো চামড়া ব্যবসায়ী চামড়া কিনতে তাঁর এলাকায় যাননি। বাধ্য হয়ে বাজারে গিয়ে ৬৫০ টাকায় চামড়া বিক্রি করতে হয়েছে।
নীলফামারীতে পানির দামে চামড়া কিনেও লোকসানের মুখে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। জেলা সদরের টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৌসুমি চামড়া ব্যবসায়ী নুরুল আমিন বলেন, গ্রাম ঘুরে ৫০টি গরুর চামড়া কিনতে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আড়তে দাম বলছে অর্ধেকের একটু বেশি। এখন ওই চামড়া সংরক্ষণ করা দরকার। কিন্তু লবণের দামও বেশি।
সিরাজগঞ্জেও মৌসুমি ব্যবসায়ীদের লোকসান হয়েছে। জেলার রায়গঞ্জ উপজেলার কয়েকজন ব্যবসায়ী বলেন, এবার গরুর চামড়া ৭০০ থেকে দেড় হাজার টাকায় কেনা হয়েছে। বিক্রি করতে গিয়ে দেখা যায়, দাম ২০০ থেকে ৩০০ টাকা কম বলছে।
এদিকে, দিনাজপুরে সরবরাহ কম থাকায় বেশি দামে চামড়া কিনতে হয়েছে ব্যবসায়ীদের। ঢাকার ট্যানারি মালিকেরা বাড়তি দাম না দিলে তাঁদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হবে, আশঙ্কা জেলার চামড়া আড়তদারদের।
বগুড়ায় সেউজগাড়ি পানির ট্যাংকি মোড়ের ব্যবসায়ী ফজলুর রহমান তালুকদার বলেন, গত বছর ৪৫ হাজার টাকার গরুর চামড়া বিক্রি হয়েছিল আড়াই হাজার টাকায়। এবার ৭২ হাজার টাকার গরুর চামড়া বিক্রি করতে হয়েছে মাত্র দেড় হাজার টাকায়। জেলার আদমদীঘি, দুপচাঁচিয়া ও শেরপুরে এবার চামড়ার দাম অনেক কম বলে জানা গেছে।
দক্ষিণের জেলা ভোলার সদর উপজেলার কালিনাথ রায়ের বাজারে ৩২ হাজার টাকা দামের একটি খাসির চামড়া বিক্রি করতে গিয়েছিলেন জুলফিকার হাওলাদার। ৬০ টাকা রিকশা ভাড়া দিয়ে ৩০ টাকায় চামড়া বিক্রি করতে হয়েছে তাঁকে।
(প্রতিবেদনটি তৈরিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক/প্রতিনিধি দিনাজপুরের আসাদুল্লাহ্ সরকার, চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার হোসেন, লক্ষ্মীপুরের রায়পুরের এ বি এম রিপন, নীলফামারীর মীর মাহমুদুল হাসান, বগুড়ার আনোয়ার পারভেজ, বগুড়ার শেরপুরের সবুজ চৌধুরী, দুপচাঁচিয়ার আনিছুল ইসলাম, আলমদীঘির মো. খায়রুল ইসলাম, পঞ্চগড়ের শহীদুল ইসলাম, জয়পুরহাটের আসাদুল ইসলাম, সিরাজগঞ্জের রায়গঞ্জের সাজেদুল আলম ও ভোলার নেয়ামতউল্লাহ সহায়তা করেছেন।)