লোকসানের গোলকধাঁধায় বিটিএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর লোকসান করে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। এক বছর একটু বাড়ছে, পরের বছর আবার কমছে। ১৮ বছর ধরে এভাবেই চলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির লোকসানি গল্প। সর্বশেষ কবে লাভ হয়েছিল, তা জানেন না সংস্থাটির কর্মকর্তারা। আসলে সবকিছু মিলিয়ে লোকসানের এক গোলকধাঁধায় আটকে গেছে বিটিএমসি।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, গত ১৮ বছরে একবারের জন্যও লাভের মুখ দেখেনি বিটিএমসি। এই দেড় যুগে করপোরেশন মোট ৯০৬ কোটি টাকা লোকসান দিয়েছে। আর চলতি অর্থবছর লোকসানের পরিমাণ ১৮ কোটি ৬৯ লাখ (প্রাক্কলিত) টাকা, যা গত চার অর্থবছরের মধ্যে সর্বোচ্চ।
এদিকে করপোরেশনের কাছে সরকার ও ব্যাংকের পাওনা আছে প্রায় এক হাজার ৯৮৪ কোটি টাকা। সংস্থার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা সুতা উৎপাদনকারী ১৫টি টেক্সটাইল মিল বা বস্ত্রকলের মধ্যে ১০টিই বন্ধ। সচল মিলগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
দীর্ঘদিন ধরে লোকসান গুনতে থাকা রাষ্ট্রীয় এই সংস্থাটিকে সক্রিয় ও লাভজনক করতে সম্প্রতি বস্ত্রপল্লি নির্মাণসহ বেশ কিছু উদ্যোগ নেয় সরকার। অল্প কিছু কাজ হয়। তবে মামলা আর আমলাতান্ত্রিক জটিলতায় সবই আটকে আছে।
বিটিএমসির সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, সচল করার উদ্যোগগুলো শিগগিরই বাস্তবায়িত না হলে সংস্থাটি পুরোপুরি বাতিলের খাতায় চলে যাবে। একপর্যায়ে হয়তো ঘোষণা দিয়েই এটিকে বিলুপ্ত করতে হবে। এই সুযোগে সংস্থার শত শত একর জমি ভূমিদস্যুদের হাতে চলে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বিটিএমসির চেয়ারম্যান মাহমুদ উল আলম প্রথম আলোকে বলেন, ‘সব ধরনের চেষ্টা চলছে। তবে নানা সমস্যার কারণে উঠে আসতে পারছি না।’ বিগত সরকারগুলোর দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পনার অভাবেই বিটিএমসি লোকসানের ঘেরাটোপে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
সচলগুলো লোকসানে: বর্তমানে বিটিএমসির নিয়ন্ত্রণে থাকা ১৫টি মিলের মধ্যে সচল আছে মাত্র পাঁচটি। এর মধ্যে চারটি সংস্থার নিজস্ব তত্ত্বাবধানে সেবা-মাশুলের (সার্ভিস চার্জ) ভিত্তিতে চলছে। বাকি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে।
সচল মিলের মধ্যে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল সম্প্রতি লাভের মুখ দেখেছে। বাকি তিনটি বেঙ্গল, আমিন ও রাজশাহী টেক্সটাইল মিল লোকসান দিয়েই চলছে। আর ভাড়ায় চলছে রাজধানী ডেমরার আহমেদ বাওয়ানি টেক্সটাইল।
মিলগুলোতে বর্তমানে হাজার দেড়েক শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। গড়ে প্রতিদিন মিলগুলোয় ৩০ বেলের মতো সুতা উৎপাদিত হয়।
বিটিএমসির নিজস্ব কোনো বিপণনব্যবস্থা নেই। ব্যবসায়ীরা তুলা কিনে সুতা তৈরির কার্যাদেশ দিলেই কেবল মিলের চাকা ঘুরে। অন্যথায় বন্ধ থাকে।
এদিকে বছরের পর বছর লোকসান দেওয়ার কারণে বিটিএমসির ঋণের বোঝা কমছে না। এখন পর্যন্ত সংস্থাটির কাছে সরকারের পাওনা আছে এক হাজার ৩৪০ কোটি টাকা। আর সোনালী ও অগ্রণী ব্যাংকের পাওনা ৬৪৪ কোটি ৭৯ লাখ টাকা।
দুই বস্ত্রপল্লি আটকে আছে: নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিল এবং খুলনা টেক্সটাইলের বস্ত্রপল্লি নির্মাণের উদ্যোগ নিয়েছে বিটিএমসি। তবে দুটিতেই মামলা আর উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে তা পারছে না করপোরেশন।
জানা যায়, করপোরেশনকে লাভজনক করতে একটি পুনর্গঠন প্রস্তাব তৈরি করে বিটিএমসি কর্তৃপক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আয়তনের দিক দিয়ে বড় বস্ত্রকলগুলো নিয়ে একাধিক বস্ত্রপল্লি নির্মাণ করা। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নিজস্ব বস্ত্রকলগুলো পরিচালনার প্রস্তাব করে বিটিএমসি। এতে সরকারের শেয়ার থাকবে। মিল ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে বেসরকারি প্রতিষ্ঠান।
গত এপ্রিলে মন্ত্রিপরিষদ বৈঠকে চিত্তরঞ্জন কটন মিলের ৩৫ দশমিক ৬৭ একর জমিতে বস্ত্রপল্লি করার বিষয়টি অনুমোদিত হয়। এরপর যথারীতি কাজ শুরু করে বিটিএমসি। দরপত্রের মাধ্যমে কারখানা ভবন দুই কোটি ১৯ লাখ টাকায় বিক্রি হয়। যন্ত্রপাতি সাত কোটি টাকায় বিক্রির প্রক্রিয়াটি চূড়ান্ত হয়।
কারখানা এলাকায় ভাড়া থাকা শ্রমিকেরা নয়টি মামলা করায় প্রথম বাধা পায় করপোরেশন। সেটি নিষ্পত্তি হলেও মিলের ভেতরে থাকা একটি পুকুর ভরাট নিয়ে শুরু হয় নতুন জটিলতা। বর্তমানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে পুরো বস্ত্রপল্লির কাজটিই আটকে আছে।
তবে বিটিএমসির হিসাবে, চিত্তরঞ্জনের জায়গায় বস্ত্রপল্লি হলে সেখানে ২১টি প্লট হবে। এগুলো বিক্রি করে আয় হবে প্রায় ১৫৮ কোটি টাকা। আর অবকাঠামো নির্মাণের ব্যয় কারখানা ভবন ও যন্ত্রপাতি বিক্রির টাকা থেকে জোগান দেওয়া হবে।
অন্যদিকে খুলনা টেক্সটাইলের ২৫ দশমিক ৯৯ একর জমির ওপর গত বছর বস্ত্রপল্লির কাজ শুরু হয়। এটিও মামলার কারণে আটকে আছে। সেখানে বস্ত্রপল্লি হলে ১৭টি ছোট ও মাঝারি শিল্প কারখানা স্থাপন করা যাবে। এ ছাড়া কারওয়ান বাজারে বিটিএমসির কার্যালয়ের বহুতল ভবনটির ওপর আরও চারটি তলা করতে দুবার দরপত্র আহ্বান করা হয়। তবে কোনোবারই ঠিকাদারি প্রতিষ্ঠান চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ।মাহমুদ উল আলম বলেন, ‘বেসরকারি খাতের সহযোগী হিসেবে রাষ্ট্রীয় বস্ত্রকল টিকিয়ে রাখা দরকার। এ জন্য প্রত্যন্ত এলাকার বস্ত্রকলগুলো আধুনিকায়ন করতে হবে। এতে গ্রামীণ অর্থনীতি সচল থাকবে।’ তিনি আরও বলেন, এ কারণেই শহরের মিলগুলোতে বস্ত্রপল্লির মতো করে স্থাপনা করতে চায় করপোরেশন। সেই লাভ দিয়ে প্রত্যন্ত এলাকার মিলগুলো সচল রাখা যাবে।
এদিকে সম্প্রতি সাভারের আফছার কটন মিলের কর্তৃত্ব ফিরে পেয়েছে বিটিএমসি। নব্বইয়ের দশকে আরও অনেক মিলের সঙ্গে এটিও বেসরকারি মালিকানায় ছেড়ে দেয় সরকার। নিজেদের শেয়ার থাকলেও বহু বছর কোনো তদারকি ছিল না করপোরেশনের। এই সুযোগে মিলের ৬ দশমিক ১৯ একর জমির অধিকাংশ বিক্রি ও অবশিষ্ট জমিতে একাধিক বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হয়। গত দুই বছর চেষ্টা করে মিলটি বিটিএমসি আবার ফেরত পেয়েছে বলে জানান বিটিএমসির চেয়ারম্যান।
জানতে চাইলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মিলগুলোকে লাভজনক করা সম্ভব নয়। তাই একেকটি মিলে আমরা বস্ত্রপল্লি করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া প্রয়োজন।’ তিনি দাবি করেন, চিত্তরঞ্জন ও খুলনায় বস্ত্রপল্লি মামলার কারণে আটকে থাকলেও কাজ থেমে নেই।