ব্যাংক ও আর্থিক খাতের যেসব প্রতিষ্ঠান নিজস্ব পত্রকোষে শেয়ারবাজারে বিনিয়োগ করে লোকসানের মুখে পড়েছে, সেসব প্রতিষ্ঠানের ওই লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) আগামী বছরের জুন পর্যন্ত বন্ধ রাখার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের কাছে এই দাবি জানায়।একই সঙ্গে আগামী বাজেটে শেয়ারবাজারের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠনেরও দাবি জানানো হয়। ডিএসইর পক্ষ থেকে সংস্থাটির সভাপতি রকিবুর রহমান এসব দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক মিনহাজ মান্নান ইমন, হানিফ ভূঁইয়া, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শুভ্রকান্তি চৌধুরী প্রমুখ।সংবাদ সম্মেলনে শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতন প্রসঙ্গে ১ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র সমালোচনা করা হয়। সরাসরি কারও নাম উল্লেখ না করে ডিএসই বলেছে, ‘দায়িত্বশীল পদে থেকে কারও কাছ থেকে দায়িত্বহীন কোনো কথাবার্তা প্রত্যাশিত নয়। দায়িত্বশীল ব্যক্তিরা যখন কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, তখন সেটি তথ্যনির্ভর হওয়া উচিত। তা না করে নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে নিজেকে কখনো সৎ ও যোগ্য প্রমাণ করা যায় না।’ এর আগে ১ এপ্রিল অর্থমন্ত্রী শেয়ারবাজারের দরপতন প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘ব্রোকার হাউস এবং অন্যরা মিলে শেয়ারবাজারে কারসাজি (ম্যানুপুলেশন) করছে। এই কারসাজির সঙ্গে অর্থনীতির কোনো সম্পর্ক নেই। বোধ হয় তাঁরা ডিমিউচুয়ালাইজেশন (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ) আটকানোর চেষ্টা করছেন।’ডিএসইর নেতারা সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়ায় প্রতিরোধ তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশে এই প্রক্রিয়ার পথে ডিএসইর পক্ষ থেকে কোনো ধরনের বাধা তৈরি করা হয়নি। আমরা দ্রুততার সঙ্গে ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন করতে প্রস্তুত। সরকারই এখন এ কাজে বিলম্ব করছে।’নেতারা আরও বলেন, ‘আমাদের বলা হয়েছিল, মার্চ মাসের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন আইন পাস হবে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সরকার সেটি করতে পারেনি। এখন এই আইন সংসদে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। ডিএসই যদি বাধা তৈরি করত, তাহলে শুরুতেই তা করত।’ দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজারে দরপতন ঘটছে বলে দাবি করে ডিএসই। সংস্থাটির নেতারা বলছেন, এই ধরনের ক্রান্তিকালে শেয়ারবাজারকে ধরে রাখতে দায়দায়িত্ব বর্তায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর। যাদের হাতে ক্ষমতা আছে, তাদেরকেই বাজারে স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে ডিএসইর কিছু করার ক্ষমতা নেই। ডিএসইর হাতে কোনো ধরনের হাতিয়ারও নেই।ডিএসই আরও দাবি করেছে, ব্যাংক কোম্পানি আইনে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে যে সংশোধনী আনা হয়েছে, তা যেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ অনুযায়ী হয়। আইএমএফ নিয়ন্ত্রিত মূলধনের (রেগুলেটরি ক্যাপিটাল) ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা নির্ধারণের সুপারিশ করেছে। আর সরকার তা না করে পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ নির্ধারণ করেছে।তবে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীতে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে শুধু পরিশোধিত মূলধনের বিষয়টি উল্লেখ নেই। পরিশোধিত মূলধন, শেয়ারের অধিমূল্য (প্রিমিয়াম), বিধিবদ্ধ জমা ও রিটেইনড আয়কে একত্র করে মূলধন বিবেচনা করা হচ্ছে। আইনটিতে আরও বলা হয়েছে, পুঁজিবাজারে যেসব ব্যাংকের বিনিয়োগ রয়েছে, আইনটি পাস হওয়ার তিন বছরের মধ্যে তা মূলধনের ২৫ শতাংশে নামিয়ে আনতে হবে। ডিএসই আরও বলছে, ২০০৯ সাল থেকে দেশের শেয়ারবাজার থেকে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ২৪ হাজার কোটি টাকা উত্তোলন করেছে। পুঁজিবাজারের অর্থে ব্যাংকগুলো তাদের মূলধনের চাহিদা পূরণ করেছে।