লোডশেডিংয়ে খুলনার পাটকল ও চিংড়িশিল্প মারাত্মক ক্ষতির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ লোডশেডিং তথা বিদ্যুৎ-সংকটের কারণে খুলনা অঞ্চলের পাটকল ও চিংড়িশিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পাটকলগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক ও চিংড়িশিল্পের উদ্যোক্তারা প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ দাবি করেছেন।সংশ্লিষ্ট সূত্রমতে, এ বছরের শুরু থেকেই ব্যাপকহারে লোডশেডিং বা বিদ্যুৎ-সংকটের কারণে খুলনা অঞ্চলে চালু থাকা ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, আলিম, ইস্টার্ন, জেজেআই ও কার্পেটিং—এই সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের কোনোটিই এখন পর্যন্ত উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। গত সাত মাসে এসব পাটকলে সাত হাজার ৪০০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন কম হয়েছে, যার আর্থিক মূল্য অন্তত ৫১ কোটি ৮০ লাখ টাকা। এ অবস্থা চলতে থাকলে পাটকলগুলোকে বড় ধরনের লোকসানের বোঝা টানতে হবে বলে মনে করা হচ্ছে।এদিকে লোডশেডিংয়ের কারণে হিমায়িত মৎস্য প্রক্রিয়াকরণ কারখানারও (চিংড়িশিল্প) উৎপাদন খরচ প্রায় তিন গুণ বেড়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, জেনারেটরের জ্বালানি তেল কিনতে গিয়ে খরচ অনেক বেড়ে গেছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মাছের গুণগতমানও নষ্ট হচ্ছে। পাশাপাশি দেখা দিয়েছে তীব্র বরফ-সংকট। যে কারণে চিংড়ি ছাড়া অন্যান্য মাছ সংরক্ষণেও মারাত্মক অসুবিধা হচ্ছে।বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, লোডশেডিংয়ের কারণে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলে সর্বশেষ জুলাই মাসে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ৯৩৫ টন। এর বিপরীতে উৎপাদন হয় পাঁচ হাজার ২৭১ দশমিক ৭৮ টন। অর্থাৎ এ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কম হয়েছে এক হাজার ৬৬৩ দশমিক ২২ টন।একইভাবে লক্ষ্যমাত্রার চেয়ে জানুয়ারি মাসে ২২৪ দশমিক ২৫ টন, ফেব্রুয়ারিতে ২৪২ দশমিক ৫৪ টন, মার্চে এক হাজার ২১৫ দশমিক ৭৩ টন, এপ্রিলে দুই হাজার ২৫৫ দশমিক ৫৪ টন, মে মাসে ৯৫৭ দশমিক ৪০ টন, জুনে এক হাজার ৩২১ দশমিক ৮৪ টন পণ্য উৎপাদন কম হয়েছে।এ প্রসঙ্গে বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদুল গফুর প্রথম আলোকে একটি উদাহরণ দিয়ে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, শুধু গত বুধবার সাতটি পাটকলে মোট ৪৩ ঘণ্টা লোডশেডিং হয়েছে। অথচ লোডশেডিংয়ের সময় মিলের শ্রমিক-কর্মচারীরা অলস বসে থাকলেও তাঁদের কিন্তু ওই সময়ের মজুরি দিতে হয়েছে। এভাবে বিজেএমসির লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। লোডশেডিংয়ের কারণে বিদেশি ক্রেতাদের অর্ডার বা আদেশ অনুযায়ী সময়মতো পাটজাত পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না।এদিকে ব্যাপক লোডশেডিংয়ের কারণে খুলনা অঞ্চলের ৩০টি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানার মালিকেরা বিপাকে পড়েছেন। এ প্রসঙ্গে খুলনা জাহানাবাদ সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার প্রথম আলোকে জানান, ভয়াবহ লোডশেডিংয়ের কারণে তাঁদের প্রতি মাসে অতিরিক্ত ২৫ থেকে ৩০ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হুমায়ুন কবীর জানান, বিদ্যুৎ-সংকটে আমরা শুধু যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি, তা নয়; চিংড়ি প্রক্রিয়াকরণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় মাছের গুণগতমানও ধরে রাখা যাচ্ছে না। যে কারণে বিদেশের বাজারে বাংলাদেশের মাছের চাহিদা হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।