ব্যবসায়ীদের অতিমুনাফার মানসিকতা পরিহার করে পণ্যের মানের দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, গুটি কয়েক অতিলোভী ব্যবসায়ীর কারণে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘মান আস্থা সৃষ্টি করে’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন ও বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. রেজাউল করিম বক্তব্য দেন বলে বিএসটিআই এক বিজ্ঞপ্তিতে জানায়।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই যে মানের ওপর ভিত্তি করে মান সনদ প্রদান করে, পরবর্তী সময়ে ব্যবসায়ীদের সেই মান বজায় রাখতে হবে। সরকার সবকিছু আইন প্রয়োগ করে বাধ্য করতে চায় না। সরকার চায় সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পণ্যের মান ঠিক রাখতে। তিনি বলেন, বিএসটিআইকেও অনুধাবন করতে হবে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের চেয়ে তাদের কাজের গুরুত্ব অনেক বেশি।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, রপ্তানির পরিমাণ আরও বাড়াতে ব্যবসায়ীদের পণ্যের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে।
বাংলাদেশে যাতে বিদেশি অচল, অগ্রহণযোগ্য ও নিম্নমানের পণ্য প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিএসটিআই, আমদানিকারকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন শিল্পসচিব।
বিএসটিআইর মহাপরিচালক বলেন, ইতিমধ্যে বিএসটিআইর কয়েকটি পরীক্ষাগার, পণ্য সনদ দেওয়ার ব্যবস্থা এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। পণ্যের গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদনের জন্য শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন ও গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের কথা বলেন।