ল্যাজারাস রিজার্ভ চুরি করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখ্য নিরাপত্তা বিশ্লেষক ক্যাসপারস্কি ল্যাব
মুখ্য নিরাপত্তা বিশ্লেষক ক্যাসপারস্কি ল্যাব

বহুজাতিক সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিবিষয়ক অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের মুখ্য নিরাপত্তা বিশ্লেষক সের্গেই গোলোভানভ। সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স বা বাইসেক সম্মেলনে বাংলাদেশে এসেছিলেন। অনলাইনভিত্তিক সাইবার অপরাধ, ম্যালওয়্যার, কম্পিউটার ভাইরাস নিয়ে বিশেষভাবে কাজ করেন তিনি। গত শনিবার প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
প্রথম আলো: হ্যাকাররা কীভাবে চুরির কাজটি করে?
সের্গেই গোলোভানভ: এ ক্ষেত্রে প্রথম যে কাজটি করা হয় সেটি হলো টার্গেটকৃত প্রতিষ্ঠানের কর্মীদের বিশেষ কোনো বিষয়ে প্রলোভন দেখিয়ে ই-মেইল পাঠানো। সেসব ই-মেইলে ক্লিক করলেই ওই প্রতিষ্ঠানের কম্পিউটার ও ওয়ার্কস্টেশনে হ্যাকারদের ম্যালওয়্যার ঢুকে পড়ে। আবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মাধ্যম যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটারে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বিস্তারিত তথ্য পাওয়া যায়। সেগুলোও হ্যাকাররা সংগ্রহ করে। হ্যাকাররা একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের অবস্থান, কাজের ধরন সবকিছু অনুসরণ করতে থাকে। এভাবে একটি ব্যাংকের কাজকর্ম ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর সুযোগ বুঝে তারা টার্গেট করা প্রতিষ্ঠান থেকে অর্থ চুরির কাজটি সম্পন্ন করে।
প্রথম আলো: কোন হ্যাকার গোষ্ঠী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে যুক্ত বলে আপনি মনে করেন?
সের্গেই গোলোভানভ: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের চুরির কাজ করে ল্যাজারাস গ্রুপ। এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব না হলেও ম্যালওয়্যারের ধরন ও কাজের প্রকৃতি অনুযায়ী কাজটি যে তারাই করেছে, সে বিষয়ে আমি অনেকটাই নিশ্চিত।
প্রথম আলো: এই গোষ্ঠী কোথায় থেকে ও কীভাবে কাজ করে?
সের্গেই গোলোভানভ: ল্যাজারাস হ্যাকাররা বড় চুরি করলেও এদের কেউই যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইউক্রেনের মতো হ্যাকার-প্রসিদ্ধ দেশের নয়। এই গোষ্ঠীর বেশির ভাগ সদস্য উত্তর কোরিয়ার নাগরিক। তারা যেভাবে চিন্তা করে ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক খুঁজে বের করে, সেটা অনেকটা চীনা হ্যাকারদের মতো। কিন্তু যে কম্পিউটার ও কি-বোর্ড ব্যবহার করে তারা ম্যালওয়্যার ছড়ানোর কাজ করেছে, সেটি পর্যবেক্ষণ করে বোঝা যায় তারা কোরিয়ান নাগরিক। তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত জানা না গেলেও তারা যে কোরিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
প্রথম আলো: চুরির অর্থ কি ফিরে পাওয়া যায়?
সের্গেই গোলোভানভ: এ ধরনের ঘটনার জন্য কোন পক্ষ কতটুকু দায় নেবে সেটি আগে থেকে ঠিক করা গুরুত্বপূর্ণ। যেসব পক্ষের মাধ্যমে অর্থ লেনদেন হয় তারা এ ক্ষেত্রে দায় এড়াতে পারে না। অর্থের নিরাপত্তা নিশ্চিতে লিখিত চুক্তি যদি থাকে তাহলে ক্ষতিপূরণ দাবি করা সহজ হয়। এভাবে চুরি যাওয়া অর্থের একটি অংশ পুলিশের মাধ্যমে, কিছু অংশ অর্থ পাচারে সহায়তাকারী ব্যাংক থেকে ফেরত পাওয়া সম্ভব। জমা রাখা অর্থ যদি আগে থেকেই বিমা করা থাকে তাহলে বিমা কোম্পানির কাছ থেকেও কিছু অংশ ফেরত পাওয়া সম্ভব। তবে চুরি যাওয়া অর্থের পুরোটা কোনোভাবেই ফেরত পাওয়া সম্ভব হয় না। কারণ যারা চুরি করে তারা অর্থের একটি অংশ নগদ খরচ করে ফেলে। সেটি ফিরিয়ে আনা বেশ কঠিন।
প্রথম আলো: আর্থিক খাতের সাইবার নিরাপত্তা এখন কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন?
সের্গেই গোলোভানভ: বাংলাদেশের সুবিধা-অসুবিধার দুটো দিকই আছে। অসুবিধার দিকগুলো হলো আইটি বিষয়ে মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব, প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সংকট। সুবিধার দিকটি এ অবস্থা থেকে একটি বিশ্বমানের নিরাপত্তা সুরক্ষাব্যবস্থা এখানে গড়ে তোলা সম্ভব। ভারতে এটিএম মেশিন ও কার্ড দিয়ে টাকা চুরির ক্ষেত্রে এমন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও এটি হওয়া সম্ভব। পুরো সমাজকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আগ্রহী ও সম্পৃক্ত করাটাও গুরুত্বপূর্ণ।
প্রথম আলো: সার্বিকভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিতে কী করা প্রয়োজন?
সের্গেই গোলোভানভ: তরুণ জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তিতে শিক্ষিত করার ওপর জোর দিতে হবে। এ খাতে তাদের কর্মসংস্থানের বিষয়টিও নিশ্চিত করতে হবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের একটি নিয়ে ক্লোজড গোষ্ঠী তৈরি করা যেতে পারে, যারা নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করবে। ল্যাজারাস গোষ্ঠীর হ্যাকাররা এভাবে নিজেদের নেটওয়ার্ক গত সাত বছরে তৈরি করেছে। এ ক্ষেত্রে সদস্যদের আস্থা ও বিশ্বাস ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকার গ্রহণে আশরাফুল ইসলাম