ল্যাপটপ আনছে ওয়ালটন
মাইক্রোসফটের আসল পরিচালন ব্যবস্থা ও ইনটেলের প্রসেসরযুক্ত ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে বাজারে এসব ল্যাপটপ বাজারজাত শুরু হবে।
গত শনিবার ওয়ালটনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে বর্তমানে ল্যাপটপের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। মাইক্রোসফটের আসল উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকায় কোনো ধরনের অ্যান্টিভাইরাস ছাড়াই ব্যবহার করা যাবে ওয়ালটন ল্যাপটপ। ল্যাপটপে ষষ্ঠ প্রজন্মের কোরআই ৩, ৫ ও ৭ প্রসেসর সরবরাহ করছে ইনটেল।
প্রাথমিকভাবে ওয়্যাক্স জাম্বো, কেরোন্ডা, ট্যামারিন্ড ও প্যাশন—এই চার সিরিজের মোট ২০ মডেলের ল্যাপটপ বাজারে ছাড়বে ওয়ালটন। দাম পড়বে ২৯ হাজার ৫০০ থেকে শুরু করে ৯৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
এসব ল্যাপটপ ক্রেতারা ১২ মাসের কিস্তি সুবিধাতেও কিনতে পারবেন। ল্যাপটপে শর্তসাপেক্ষে এক বছরের জন্য বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবাও দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।