শক্ত ভিত্তি করে নিয়েছে দেশীয় আসবাবশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি আসবাব দেশের বাজারে ক্রমেই শক্তিশালী অবস্থান করে নিচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বাজারেও বাংলাদেশের তৈরি আসবাব পাওয়া যাচ্ছে। চাহিদা থাকায় প্রতিবছর এ খাত থেকে রপ্তানি বাড়ছে।দেশের স্বনামধন্য আসবাব নির্মাতাপ্রতিষ্ঠানগুলোই মূলত রপ্তানিবাজারে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে দেশের বাজারে চাহিদা মেটাতে গড়ে উঠেছে কয়েক হাজার ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। দেড় যুগ আগেও আসবাব তৈরির সঙ্গে মূলত ক্ষুদ্র ও কিছু মাঝারি মানের কারখানাই যুক্ত ছিল। তখন নির্মিত আসবাবের মূল চাহিদা ছিল ঘরবাড়িতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবের চাহিদা বাড়তে থাকে। অন্যদিকে বড় কিছু উদ্যোক্তা দেশের বাইরে আসবাব রপ্তানিতে এগিয়ে আসেন। ব্যবসায়ীরা জানান, ১৯৯৭ সাল থেকে আসবাব বিদেশে রপ্তানি শুরু হয়। বর্তমানে ভারত, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দুবাই, জার্মানিসহ বিশ্বের ১৫টি দেশে রপ্তানি করা হয়। কাঠের তৈরি গৃহে ও জাহাজে ব্যবহার্য আসবাবই বর্তমানে বেশি রপ্তানি হচ্ছে। তবে ভারতে অফিস ফার্নিচার ও জাপানে কাঠের তৈরি টাইলস রপ্তানি হয়।অটবি, নাভানা, আক্তার, হাতিল, ব্রাদার্স, পারটেক্স ও ফার্নিটেকের মতো প্রতিষ্ঠান বিশ্বমানের আসবাব তৈরি করছে। এরাই বাংলাদেশের আসবাবশিল্পের নেতৃত্ব দিচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করছে। কিছু পরিসংখ্যান: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ আসবাব রপ্তানি করে এক কোটি ৯২ লাখ ডলার আয় করেছিল, যা ২০১০-১১ অর্থবছরে বেড়ে হয়েছে দুই কোটি ১৩ লাখ ডলার।এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নততর মানের সমন্বয় করতে পারলে এ খাত থেকে ২০২০ সালের মধ্যে ১০০ কোটি ডলারের রপ্তানি আয় সম্ভব।বর্তমানে আসবাবশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৬ থেকে ১৮ লাখ মানুষ জড়িত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সারা দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত অতিক্ষুদ্র, ছোট, মাঝারি ও বড় মিলিয়ে ৪০ হাজারের বেশি কারখানা রয়েছে। একাধিক সমীক্ষায় বেরিয়ে এসেছে যে আসবাবের বার্ষিক বাজার ১০ থেকে ১১ হাজার কোটি টাকার। গড়ে প্রতিবছর ১৫ শতাংশ হারে এই খাতের বিকাশ ঘটছে। আর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান প্রায় দশমিক ৩০ শতাংশ।স্থানীয় আসবাবশিল্পের বিকাশকে সমর্থন দিতে ২০১১-১২ অর্থবছরের বাজেটে কিছু রাজস্ব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে আছে: বিদেশ থেকে আমদানি করা আসবাবের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ এবং দেশীয় আসবাবের প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করতে পার্টিকেল বোর্ড ও এমডিএফ বোর্ড আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার। স্থানীয় উদ্যোক্তারা মনে করছেন, এর ফলে আগামী দিনগুলোয় আসবাবশিল্পের বিকাশ আরও জোরদার হবে।উপাদানে বৈচিত্র্য: কাঠের তৈরি আসবাবের চাহিদা থাকার পরও নির্মাণের খরচ ও দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোয় বিকল্প উপাদান (বিভিন্ন ধরনের বোর্ড) দিয়ে আসবাব তৈরি করছেন নির্মাতারা। সেগুন বা মেহগনি কাঠের চেয়ে এসব বিকল্প উপাদান দিয়ে তৈরি আসবাব সাশ্রয়ী হওয়ায় ভোক্তাদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। বড় প্রতিষ্ঠানের সঙ্গে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো পারটেক্স, এমডি, লেমিনেটেড, পলিসহ বিভিন্ন ধরনের বোর্ড দিয়ে আসবাব তৈরি করছে। বর্তমানে অফিস, ঘরবাড়ি কিংবা হাসপাতালে এসব বোর্ডের আসবাব ব্যাপক হারে ব্যবহূত হচ্ছে।তবে এসব বোর্ড বাংলাদেশে তৈরি হয় না। সাধারণত মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন থেকে আমদানি করতে হয়। তাই দাম বেড়ে যায়।দীর্ঘস্থায়িত্ব বিবেচনায় অবশ্য দেশীয় ভোক্তাদের পছন্দের তালিকায় এখনো কাঠের তৈরি আসবাব শীর্ষে। বর্তমানে সেগুন, টিকমেহগনি, ওক, চেরি প্রভৃতি কাঠ মিয়ানমার, নাইজেরিয়া, আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয়। আর কারুকাজময় কাঠের তৈরি আসবাবই মূলত বিদেশে রপ্তানি হচ্ছে।কয়েকজন ব্যবসায়ী জানান, উন্নত দেশে এখন পুরোপুরি কম্পিউটারাইজড পদ্ধতিতে আসবাব তৈরি হয়, কিন্তু আমাদের দেশে পুরোটাই হাতে তৈরি। গুটিকয়েক বড় প্রতিষ্ঠান ছাড়া কেউই স্বয়ংক্রিয় নির্মাণপ্রযুক্তি ব্যবহার করছে না। তাই মান ও নকশার দিক থেকে উন্নত দেশের চেয়ে এখনো বাংলাদেশে এই খাত পিছিয়ে আছে। সে কারণেই এখনো প্রতিবছর দেশে বিপুল পরিমাণ আসবাব আমদানি করা হয়। অফিস, হোটেল, হাসপাতালসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য এখনো অনেকেই বিদেশি আসবাবের দিকেই বেশি ঝুঁকছেন।বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (বিএফওএ) চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে এ খাতের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে আন্তর্জাতিক মানের কাছাকাছি আমরা পৌঁছাতে পারছি না। এতে করে অল্প কয়েকটি পণ্যই রপ্তানি করা যাচ্ছে।’ আক্তারুজ্জামান আরও বলেন, দেশের আসবাবশিল্পটি মূলত শ্রমনিবিড়। কাঠ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঠের বিকল্প বোর্ড, নাট-বল্টু, স্ক্রু, রং প্রায় সবই আমদানি করতে হয়। তাই উন্নত মানের শ্রমিক তৈরিতে সরকার নজর দিতে পারে। এতে করে পণ্যের মান বাড়ানো সম্ভব হবে। আক্তারুজ্জামান জানান, নাভানা, ফার্নিটেক, উডমার্ক, এথেনাস, লিগ্যাসি নামের প্রতিষ্ঠানগুলো আরও বৃহৎ পরিসরে আসছে। প্রতিষ্ঠানগুলোর বৈচিত্র্যময় ডিজাইন ও পণ্যের মান বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ এই খাতকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি মনে করেন। ব্র্যান্ড: আসবাবশিল্পে দেশের অন্যতম প্রতিষ্ঠান আকতার ফার্নিচারস ১৯৭৬ সাল থেকে আসবাব তৈরি করছে। বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির ১০টি বিক্রয়কেন্দ্র আছে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে হাতের তৈরি কারুকাজময় কাঠের আসবাব রপ্তানি করছে। বর্তমানে এখানে প্রায় এক হাজার ৪০০ শ্রমিক কাজ করেন। গুণগত মান বাড়াতে আকতার ফার্নিচারস আলাদা সেকশন চালু করবে। এ ছাড়া শ্রমিকদের মান বাড়াতে আগামী মাসে ভাটারায় চালু হতে যাচ্ছে উড ফার্নিচার একাডেমি। দেশের আসবাবশিল্পের খ্যাতনামা ব্র্যান্ড অটবি ইতিমধ্যে ভারতে তাদের শোরুম চালু করেছে। ৩১ জুলাই কলকাতার ভিআইপি রোডে দ্বিতীয় আরেকটি ফ্রানচাইজি শোরুম চালু করতে যাচ্ছে অটবি। দুই বছর আগে প্রথম ফ্রানচাইজি শোরুমটি চালু করা হয়। এ ছাড়া উত্তর-পূর্ব রাজ্যগুলোয় রয়েছে সাতটি ডিলার শোরুম। অটবি আশা করছে, আগামী দিনগুলোয় তারা দিল্লি ও মুম্বাইতে শোরুম চালু করতে পারবে।অটবির পাশাপাশি হাতিল ও নাভানার আসবাবও ভারতে রপ্তানি হচ্ছে। ইতিমধ্যে ভোক্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।বিস্তৃতি বাড়ছে: অনেকটা ব্র্যান্ডেড আসবাবের মতো আসবাব তৈরি করছেন স্থানীয় উদ্যোক্তারা। রাজধানীর গুলশানে রয়েছে এসব আসবাবের একটি বড় বাজার। এখানকার আসবাব অনেক ক্ষেত্রেই ক্রেতার চাহিদা অনুসারে নির্মাণ করে দেওয়া হয়। দেওয়া হয় টেকসই ও বদলে দেওয়ার নিশ্চয়তা। রাজধানীর বাড্ডা এলাকায় ছোট ছোট কারখানায় তৈরি করা হয় এসব আসবাব।এ রকম একজন আসবাব ব্যবসায়ী বলেন, ‘দামের কারণে অনেকের পক্ষেই হাতিল বা আকতারের মতো উচ্চমানের আসবাব ক্রয় করা সম্ভব নয়। আমরা তুলনামূলক কম দামে কাছাকাছি ধরনের ডাইনিং টেবিল, সোফা সেট ইত্যাদি তৈরি করে দিচ্ছি। এ জন্য বিদেশ থেকে আমরা বোর্ড নিয়ে আসি।’অটবি বা নাভানার সুদৃশ্য কাঠের গুঁড়া থেকে প্রস্তুতকৃত বোর্ডের তৈরি আসবাবের বিশাল বাজার রাজধানীর পান্থপথে। কম দামি ও মোটামুটি টেকসই কম্পিউটার টেবিল, পড়ার টেবিল, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসবাব পাওয়া যায় এখানে। শুধু পান্থপথই নয়, রাজধানীর বিভিন্ন এলাকাতেও এখন এসব আসবাবের ছোট ছোট বিপণিবিতান গড়ে উঠছে। ঢাকার বাইরেও এগুলো ছড়িয়ে পড়ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ধারে শ্যামপুর এলাকায় এসব আসবাবের ছোট ছোট অনেক কারখানা গড়ে উঠেছে।