দেশের সুবিধাবঞ্চিত নারীর ভাগ্য পরিবর্তনে বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশনকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে মাইক্রোসফট। এ জন্য প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় মাইক্রোসফট সুবিধাবঞ্চিত নারীদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের শক্তি ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতাভুক্ত এবং ঋণ নিশ্চিত করা হবে। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) আওতায় দেশজুড়ে ৫ হাজার ২০০ ডিজিটাল সেন্টারে কাজ করেন এমন নারীদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণকাজের সঙ্গে যুক্ত রয়েছে মাইক্রোসফট। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ৩ হাজার ৩০০ নারীকে প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে। চুক্তিতে সই করেন শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। বিজ্ঞপ্তি