শক্তিশালী মুদ্রা জাপানের প্রবৃদ্ধিকে মন্থর করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠছে জাপান। তবে এ ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো আশানুরূপ নয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শক্তিশালী মুদ্রা ও বহির্বিশ্বে জাপানি পণ্যের চাহিদা কমে যাওয়ায় এমনটি ঘটছে বলে তাঁরা জানিয়েছেন। খবর আল-জাজিরা অনলাইনের।গত সেপ্টেম্বরে জাপানে অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড করা হয় ১৪ দশমিক চার শতাংশ। ডলারের হিসাবে যা সাত হাজার ২০০ কোটি।কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ মাস ধরেই জাপানে অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড করা হলেও আগের হিসাবে এই ধারা অনেকটাই মন্থর।জাপানি মুদ্রা ইয়েন ডলারের বিপরীতে শক্তিশালী হওয়ায় দেশটির গুরুত্বপূর্ণ কিছু রপ্তানিকারী প্রতিষ্ঠান যেমন টয়োটা মোটর করপোরেশন, সনি করপোরেশন প্রভৃতির পণ্য আন্তর্জাতিক বাজারে কম প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। শক্তিশালী ইয়েনের কারণে রপ্তানিকারকদের লাভ কম হওয়ায় এর পুরো প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের এ সময়ের তুলনায় মার্কিন ডলারের বিপরীতে ইয়েন নয় শতাংশ শক্তিশালী হয়েছে।জাপানি অর্থনীতিবিদ ইয়োশিমাসা মারুইয়ামা বলেন, এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এবং ২০১১ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বেশ মন্থর থাকবে। তবে এ গতি আগামী বছরের মাঝামাঝি নাগাদ বৃদ্ধি পাবে এশিয়ার দেশগুলোতে জাপানি পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে। মূলত এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানি করেই ভবিষ্যতে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি অক্ষুণ্ন রাখতে হবে।