শঙ্কা অনুযায়ী ক্ষতি হয়নি

সারা বিশ্বই ২০২০ সালকে বিদায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জীবন ও জীবিকার ওপর আঘাতের যে চিত্র বছরজুড়ে মানুষ দেখেছে, গত ১০০ বছরেও তা দেখা যায়নি। অর্থনৈতিক মন্দার আভাস ছিল ঠিকই, কিন্তু বিশ্বব্যাপী ছোট-বড় সব অর্থনীতি একসঙ্গে এভাবে বিপর্যয়ে পড়বে, কেই-বা ভাবতে পেরেছিল। ২০২০ সাল যেমন বিপর্যয়ের বছর, তেমনি অনেক কিছু শিক্ষা নেওয়ারও বছর। কোভিড-১৯-এর আগের বিশ্ব আর পরের বিশ্বের মিল কোনো দিনই হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাঁরা সরাসরি জড়িত, যাঁরা কাছ থেকে দেখছেন অর্থনীতিকে, তাঁদের কাছে প্রশ্ন ছিল তিনটি।

  • ১. কেমন গেল ২০২০

  • ২. কী শিক্ষা হলো ২০২০-এ, এবং

  • ৩. ২০২১-এ কী করবেন, কী হবে কৌশল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনোভাইরাসের কারণে পুরো দুনিয়া স্থবির হয়ে পড়েছিল। ভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শেষে দেশে লকডাউন জারি করা হয়। তখন একে একে সব আবাসন প্রকল্পের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ফ্ল্যাট বিক্রি শূন্যের কোঠায় চলে যায়। গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকাও আসছিল না। অর্থের অভাবে আবাসন খাতের উদ্যোক্তারা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন–ভাতা কীভাবে দেবেন, সেটি নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে যান। ৩৫ বছরের ব্যবসায়িক জীবনে এই রকম অস্বাভাবিক কঠিন পরিস্থিতি আগে কখনোই দেখিনি আমি।

তারপরও আমি মনে করি, আমাদের সরকার পুরো পরিস্থিতিকে বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। সে কারণে মহামারি ভাইরাসটির কারণে অর্থনীতি যেটুকু খারাপ হওয়ার কথা ছিল সে রকম হয়নি। বিশ্বের অনেক উন্নত দেশ করোনা সংকট মোকাবিলায় সফল হতে পারেনি।

স্বস্তির জায়গাটি হচ্ছে, মহামারি করোনার কারণে আমরা দেশের আবাসন খাতে যে রকম ধসের আশঙ্কা করেছিলাম, বাস্তবে সেই পরিমাণ ক্ষতি হয়নি। অল্প সময়ের ব্যবধানে উদ্যোক্তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন। তার সঙ্গে সরকারের সহযোগিতাও যুক্ত হয়েছে। ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমানো হয়েছে। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এক অঙ্কের সুদে ব্যাংকঋণও মিলছে।

আলমগীর শামসুল আলামিন, সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)

ইতিহাস বলছে, প্রতি ১০০ বছর পর একেকটি মহামারি আসে। বর্তমানে সেই অনাকাঙ্ক্ষিত সময় আমরা পার করছি। তবে করোনার সংকটে আমার শিক্ষা হচ্ছে, প্রত্যেক ব্যবসায়ীরই আপত্কালে টিকে থাকতে প্রস্তুতি দরকার। বিশেষ করে আর্থিক সংকট থেকে উতরে যেতে কিছু সঞ্চয় করা প্রয়োজন।

করোনার প্রভাব আগামী বছরও থাকবে। ভাইরাসটির সংক্রমণের দ্বিতীয় ঢেউ সেটিকে আরও পোক্ত করেছে। তো আগামী দিনে ব্যবসা সচল রাখতে হলে ব্যাংকগুলোর সঙ্গে ভালো যোগাযোগ রাখতে হবে। ব্যাংকগুলো যদি সংকটের সময় ঋণ না দেয় তাহলে ব্যবসায়ীরা বসে যায়। করোনা সংকট মোকাবিলায় সরকার প্রণোদনা দিয়েছে। কিন্তু ব্যাংকের গাফিলতির কারণে প্রকৃত ব্যবসায়ীরা সুযোগটি নিতে পারছেন না। এটি খুবই দুঃখজনক।

আগামী বছর আবাসন ব্যবসায়ীদের নতুন কোনো প্রকল্প ২০২১ সালে নেওয়ার সুযোগ নেই। যেসব প্রকল্প চলমান রয়েছে আগে সেগুলো সম্পন্ন করতে বেশি মনোযোগ দিতে হবে। কারণ, ইতিমধ্যে আমরা এক বছর পিছিয়ে আছি। করোনা সংকটের মধ্যে আমরা দেখেছি, আবাসন খাতের ভালো কোম্পানিগুলো কমবেশি ব্যবসা করেছে। এটি ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। শুধু ব্যবসা করলেই হবে না। সুনামও অর্জন করতে হবে।

আমরা বহুদিন ধরে বলে আসছি, বাসস্থান কোনো বিলাসিতা নয়। এটা মৌলিক চাহিদা। করোনাকালে মানুষ রাস্তায় নামতে পারেনি। ঘরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাই সাধারণ মানুষের জন্য বাসস্থান নিশ্চিতে সরকারি জমি আবাসন প্রতিষ্ঠানকে দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
আলমগীর শামসুল আলামিন, সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)

ব্যবসা সহজ করতে ব্যাপকভাবে কাজ করছে সরকার। আমাদের প্রত্যাশা, রাজউক নতুন কোনো আইন প্রণয়ন করে আবাসন খাতে বাধা তৈরি করবে না। আবার সরকার যদি নতুন করে প্রণোদনা প্যাকেজ দেয় তাহলে সেখানে আবাসন খাতকেও অন্তর্ভুক্ত করতে হবে। কারণ, দেশের অর্থনীতি ও জিডিপিতে খাতটির অবদান অনেক। আবাসন খাতে ৩৫ লাখ শ্রমিক-কর্মচারী আছেন। ২৭০টি উপখাত আবাসনের সঙ্গে জড়িত।

আমরা বহুদিন ধরে বলে আসছি, বাসস্থান কোনো বিলাসিতা নয়। এটা মৌলিক চাহিদা। করোনাকালে মানুষ রাস্তায় নামতে পারেনি। ঘরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাই সাধারণ মানুষের জন্য বাসস্থান নিশ্চিতে সরকারি জমি আবাসন প্রতিষ্ঠানকে দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সেটি দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে কিনবেন ক্রেতারা। আর সেই ঋণের ব্যবস্থা করবে সরকার। এটি এখন সময়ের দাবি।