শঙ্কা নিয়ে নতুন অর্থবছর শুরু করল রাজস্ব বোর্ড
আবারও রাজস্ব ঘাটতির আশঙ্কা নিয়ে চলতি অর্থবছর (২০১৩-১৪) শুরু করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্তত তিন কারণে এই শঙ্কা আরও বাড়ছে।প্রথমত, রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতির গতিশীলতা মন্থর হতে পারে। দ্বিতীয়ত, সদ্য বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ে ঘাটতির কারণে ভিত্তি ছোট হয়েছে। এর ফলে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বেড়েছে। তৃতীয়ত, লক্ষ্যমাত্রা পরিবর্তিত না হলেও সংশোধিত অর্থবিলে করের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কীভাবে তা সমন্বয় করা হবে সেই পরিকল্পনা স্পষ্ট নয়। চলতি অর্থবছরে এনবিআরকে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা আদায়ের বিশাল লক্ষ্য দেওয়া হয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরের এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকার লক্ষ্যকে ভিত্তি বিবেচনায় এনে ২১ শতাংশ প্রবৃদ্ধি ধরে নতুন বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিদায়ী অর্থবছর শেষে তিন হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। এর মানে হলো, এ বছরের জন্য যে ভিত্তি ধরা হয়েছিল, তা আরও ছোট হয়ে এক লাখ নয় হাজার কোটি টাকা হয়েছে। সে হিসাবে, চলতি অর্থবছরে আগের বছরের চেয়ে ২৪ দশমিক ৮৫ শতাংশ বা প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এনবিআরের বর্তমান প্রশাসন দিয়ে রাজস্ব আদায়ের সক্ষমতা নিয়েও কিছুটা প্রশ্ন রয়েছে। গত কয়েক বছরে অর্ধেকের বেশি রাজস্ব আদায় হয়েছে বিভিন্ন উৎসে কর থেকে। এখানে এনবিআরের প্রশাসনিক দক্ষতার খুব বেশি অবদান নেই। উৎসে কর কর্তন একধরনের সহজ উপায়ে কর আদায়ব্যবস্থা, যা শুধু এনবিআর নয়, অন্য প্রতিষ্ঠানও আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়।অন্যদিকে অর্থনীতি গতিশীলতার বাস্তবতা বলছে ভিন্ন কথা। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, জাতীয় নির্বাচনের বছরে দেশের রাজনীতি টালমাটাল থাকে। এবারও সেই শঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক অনিশ্চয়তায় নতুন বিনিয়োগ ও পুনর্বিনিয়োগ তুলনামূলক কম হবে। এতে মূলধনি যন্ত্রপাতির আমদানি কম হবে। আবার মূলধনি যন্ত্রপাতির আমদানি কম হলে একদিকে যেমন আমদানি শুল্ক কম আদায় হবে, অন্যদিকে উৎপাদনও খুব বেশি বাড়ানো সম্ভব হবে না। এতে উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আদায় কম হবে। আবার উৎপাদন কম হলে উদ্যোক্তার আয়ও কমে যাবে। এই চক্রে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে। আবার রাজনৈতিক অনিশ্চয়তা বিশেষ করে হরতালের মতো কর্মসূচিতে দোকানপাট বন্ধ থাকবে। এতে মূসক আদায় কম হবে।চলতি অর্থবছরের অর্থবিল পাস হওয়ার আগে কিছুটা সংশোধন করা হয়েছে। বেশির ভাগ সংশোধন হয়েছে করছাড় দিয়ে। কিন্তু এই করছাড় পুষিয়ে কীভাবে বা কোন উৎস থেকে রাজস্ব আদায় হবে, সেই পরিকল্পনা করা হয়নি। অন্তত তা জাতীয় সংসদে তুলে ধরা হয়নি। ফলে এতে রাজস্ব আদায় কিছুটা কমতে পারে। এ ছাড়া সামগ্রিকভাবে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার আগের বছরের চেয়ে বেড়েছে ১৮ শতাংশের মতো। এই এডিপি বাস্তবায়ন প্রক্রিয়ায় এনবিআর বিশাল অঙ্কের রাজস্ব আদায় করে থাকে। কিন্তু চলতি অর্থবছরে যে হারে এডিপির আকার বেড়েছে, তার চেয়ে অনেক বেশি হারে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে। এখানেও কিছুটা অসংগতি রয়েছে। চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী বলে উল্লেখ করেছেন খোদ এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, করবান্ধব পরিবেশ তৈরির জন্য তিনটি বিষয়ের প্রতি নজর দিতে হবে। প্রথমত, রাজস্ব প্রদানে সেবাসমূহ নিশ্চিত করা; দ্বিতীয়ত, অনুকূল রাজনৈতিক পরিস্থিতি এবং তৃতীয়ত, আইনকানুন সময়োপযোগী করা। রাজনৈতিক কর্মসূচি যেন রাজস্ব আহরণে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন তিনি।লক্ষ্যমাত্রা: বর্তমান সরকারের আমলে পরপর তিন বছর এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করেছিল। কিন্তু সদ্য বিদায়ী অর্থবছরে তা আর ধরে রাখা যায়নি। মূলত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল—এই তিন মাসে হরতালসহ সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি।চলতি অর্থবছরে মূসক খাতে ৪৯ হাজার ৯৫৬ কোটি টাকা, আয়করে ৪৮ হাজার ২৭৭ কোটি টাকা ও শুল্ক খাতে ৩৬ হাজার ৮৩৭ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।