শঙ্কার মাঝে মাইলফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পণ্য রপ্তানি আয়ে প্রথমবারের মতো তিন হাজার কোটি ডলারের মাইলফলক অর্জিত হয়েছে। সর্বশেষ অর্থবছরে এই পরিমাণ রপ্তানি আয়ের পাশাপাশি প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ৬৫ শতাংশ। শেষ পর্যন্ত এ সাফল্য কিছুটা ফিকে হয়ে আসে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবৃদ্ধি এসে তলানিতে ঠেকেছে। এমনকি কোনো মাসেই রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।
ফলে সদ্য শেষ হওয়া ২০১৪ সালের মতো একই ধরনের শঙ্কা নিয়ে নতুন বছরের যাত্রা শুরু করছে দেশের পণ্য রপ্তানির বাজার। এই শঙ্কাকে মিথ্যা প্রমাণিত করতে পারলে রপ্তানি আয় উঠে যাবে নতুন উচ্চতায়। কারণ, চলতি বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি ডলার। তবে বিপরীত কিছু হলে ঘটতে পারে বিপর্যয়ের মতো ঘটনা। অবশ্য ব্যবসায়ীরা আশার কথাই জানিয়েছেন, নতুন বছরের দ্বিতীয় মাস থেকে পরিস্থিতির ইতিবাচক উন্নতি ঘটতে পারে।
২০১৩ সালের শেষ ছয় মাসের রাজনৈতিক অস্থিরতায় ব্যাহত হয় ব্যবসা-বাণিজ্য। তার পরও দেশের উদ্যোক্তারা দমে যাননি। হরতাল, অবরোধ ও আতঙ্কের মধ্যেও উৎপাদন সচল রাখেন। সময়মতো পণ্য পৌঁছে দিয়েছেন। সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই রপ্তানি আয়ে শেষ পর্যন্ত ইতিবাচক ধারা অব্যাহত থাকে। সেই হিসাবে গত অর্থবছর সাড়ে ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে ৩ হাজার ১৭ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় নিঃসন্দেহে বড় অর্জন। একই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে অর্জনটি ধরে না রাখতে পারা ব্যর্থতাও।
এদিকে সারা বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি ঘুরেফিরে বারবার আলোচনায় এসেছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, জিএসপি সুবিধা ফিরে পেতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তা ফেরত পায়নি বাংলাদেশ। বরং যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি নিম্নমুখী ধারায় আটকে গেছে। টানা নয় মাস ধরে এমনটিই চলছে। অবশ্য তৈরি পোশাক রপ্তানিসহ বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্য কখনোই জিএসপি সুবিধার আওতায় ছিল না।
গত অর্থবছরে তিন হাজার ১৭ কোটি ডলারের রপ্তানি আয়ের মধ্যে পোশাক খাত থেকে এসেছে ২ হাজার ৪৪৯ কোটি ডলার। এই খাতের প্রবৃদ্ধি হয় ১৩ দশমিক ৮৬ শতাংশ। পোশাকশিল্পের এই আয় মোট পণ্য রপ্তানি আয়ের ৮১ দশমিক ১৭ শতাংশ। তৈরি পোশাকের রপ্তানি সন্তোষজনক থাকলেও একই সময়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি আগের অর্থবছরের চেয়ে ২০ শতাংশ কম। তবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস (জুলাই-নভেম্বর) শেষে পাট ও পাটজাত রপ্তানিতে ৪ দশমিক ৮৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অবশ্য হিমায়িত খাদ্য, চমড়া, টেরিটাওয়ালের মতো পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হয়ে গেছে ঋণাত্মক।
রপ্তানি বৃদ্ধির জন্যও অনেক দিন ধরেই পণ্য ও বাজার বহুমুখীকরণের কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে সরকার দাবি করছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তুরস্ক, জাপান, চীন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে। তবে পরিমাণে এখনো অনেক কম। আবার একই সময়ে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে রপ্তানি কমেও গেছে। ব্যবসায়ীরা বলেছেন, পরিকল্পনা করে কাজ করা উচিত।
সব মিলিয়ে দেশের পণ্য রপ্তানি আগাগোড়াই পোশাক খাতের ওপর নির্ভরশীল। তবে রপ্তানি আয়কে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পোশাকের পাশাপাশি অন্য খাতের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এমনটাই মনে করেন খোদ পোশাকশিল্পের উদ্যোক্তারা। কারণ, কোনো কারণে সর্বোচ্চ রপ্তানি আয়ের পোশাকশিল্প পিছিয়ে পড়লে দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিষয়টিতে এখনই গুরুত্ব দেওয়া দরকার। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি, চামড়াজাত পণ্য, সাইকেল ইত্যাদি পণ্য সম্ভাবনাময় হতে পারে।
এ ছাড়া রপ্তানি আয় বাড়াতে নতুন বিনিয়োগে আকৃষ্ট করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও অবকাঠামো নির্মাণ করতে হবে। সম্প্রতি বিজিএমইএ আয়োজিত অ্যাপারেল সামিটে বলা হয়, দেশের বর্তমান অবকাঠামো ১৬ বিলিয়ন ডলার রপ্তানির জন্য উপযুক্ত। সেই হিসাবে ৩০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি অনেকটা জোরজবরদস্তি করেই হচ্ছে। তাই রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি অবকাঠামো সুবিধা বাড়ানোও একটি বড় চ্যালেঞ্জ।