শতকোটিপতি ক্লাবের সদস্য এখন ১৩৮
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের কন্যা ম্যাক্সের কথা আমরা সবাই জানি। বাবা মার্ক জাকারবার্গ এমনিতেই যথেষ্ট আলোচিত একজন মানুষ। ম্যাক্সের প্রতিও মানুষের আগ্রহ কম নয়। তবে নতুন অতিথির আগমন তো আছেই, ম্যাক্স ও তার বাবা এখন আবারও আলোচনায় এসেছেন ফেসবুকে কন্যাকে লেখা একটি চিঠির কারণে। সেখানে মার্ক জাকারবার্গ জানালেন, ফেসবুকে তাঁর ও স্ত্রীর যা শেয়ার আছে, এর ৯৯ শতাংশই মানুষের মঙ্গলের কাজে দান করে দেবেন। দান করবেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে নতুন এক দাতব্য উদ্যোগে। কারণ, কন্যার জন্য এই বিশ্বকে তাঁরা আরও বাসযোগ্য করতে চান। একটি নতুন পৃথিবী চান।
ফেসবুকে জাকারবার্গের ঘোষিত দানের শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি ডলার। ফেসবুকের মোট সম্পদমূল্য ৩০ হাজার ৩০০ কোটি ডলারের কাছাকাছি। আর এর মাধ্যমে জাকারবার্গ শতকোটিপতিদের যে ক্লাবটি আছে, সেখানে আরও পাকাপোক্তভাবে ঢুকে পড়লেন। এই ক্লাবের সদস্য এখন ১৩৮ জন। যাঁদের সম্পদ কমপক্ষে ১০০ কোটি ডলার, আর এর অন্তত ৫০ শতাংশ জনহিতে দান করার ঘোষণা দেন তাঁরাই এই ক্লাবের সদস্য।
এই ক্লাবে জাকারবার্গের চেয়ে ধনী আছেন তিনজন, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। মূলত শতকোটিপতি ১৩৮ জন জনহিতকর কাজে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার আনুষ্ঠানিক নাম ‘দ্য গিভিং প্লেজ’ বা ‘দানের অঙ্গীকার’। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছিল। আর এর উদ্যোক্তা ছিলেন বিল ও মেলিন্ডা গেটস, ওয়ারেন বাফেট ও ডেভিড রকফেলার।
তবে ৩১ বছরের জাকারবার্গ ও ৩০ বছরের প্রিসিলা ছাড়াও যাঁরা কমপক্ষে এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার দানের ঘোষণা দিয়েছেন, সে তালিকাটি কিন্তু ছোট নয়। যেমন,
ওয়ারেন বাফেট ২০০৬ সালে ৪ হাজার ৩৬০ কোটি ডলার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও আরও তিনটি ফাউন্ডেশনকে দান করার অঙ্গীকার করেছেন। এর পরে ২০১২ সালে ওয়ারেন বাফেট আরও কয়েকটি ফাউন্ডেশনকে দান করেছেন ৩১০ কোটি ডলার।
ওয়াল-মার্টের প্রতিষ্ঠাতা সাম ওয়ালটনের স্ত্রী হেলেন ওয়ালটন ২০০৭ সালে মারা যান। এর আগে তিনি একটি ফাউন্ডেশনকে ১ হাজার ৬৪০ কোটি ডলার দান করে গেছেন।
কুইন অব দ্য প্যালেস হোটেল নামে সুপরিচিত লিওনা হেলমস্লে মারা যান ২০০৭ সালে। তিনিও মৃত্যুর আগে একটি ট্রাস্টকে দান করে গেছেন ৫২০ কোটি ডলার।
বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম তৈরির জন্য বিখ্যাত হয়ে আছেন জেমস সোরেনসন। তিনিও ২০০৮ সালে মৃত্যুর আগে একটি পারিবারিক ফাউন্ডেশনকে দান করে গেছেন ৪৫০ কোটি ডলার।
মার্ক জাকারবার্গ এর আগেও কিন্তু জনহিতকর কাজে দান করেছেন। যেমন, ২০১২ ও ২০১৩ সালে তিনি সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশনকে দান করেছিলেন ১৫০ কোটি ডলার।
আরেক বিখ্যাত হোটেল ব্যবসায়ী ব্যারন হিলটন ২০০৭ সালে কনার্ড এন. হিলটন ফাউন্ডেশনকে দান করেন ১২০ কোটি ডলার।
সাবেক বিনিয়োগ ব্যাংকার পিটার পিটারসন ২০০৮ সালে তাঁর নিজের নামে তৈরি ফাউন্ডেশনকে দান করেন ১০০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের দল বাফেলো বিলসের মালিক র্যালফ উইলসন জুনিয়র ২০১৪ সালে মৃত্যুর আগে দান করেছিলেন ১০০ কোটি ডলার।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের বৃহত্তম দাতাদের দান
দাতা সম্পদের উৎস দানের পরিমাণ
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস প্রযুক্তি ১,৯২০
রালফ উইলসন জুনিয়র পেশাদার ক্রীড়া ১,০০০
টেড স্ট্যানলি বিপণন ৬৫২
জ্যান কোয়াম প্রযুক্তি ৫৫৬
সিন পার্কার প্রযুক্তি ৫৫০
নিকোলাস অ্যান্ড জিল উডম্যান প্রযুক্তি ৫০০
মাইকেল ব্লুমবার্গ মিডিয়া ৪৬২
রাচেল ল্যামবার্ট মেলোন পারিবারিক সম্পদ ৪১১
সার্গেই ব্রিন প্রযুক্তি ৩৮২
পল অ্যালেন প্রযুক্তি ২৯৮
হিসাব মিলিয়ন ডলারে
সূত্র: দ্য ক্রনিকল অব ফিলানথ্রপি