শতবর্ষে চাক্তাই-খাতুনগঞ্জ হয়ে পড়েছে অবহেলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরু গলিপথে দুটি রিকশা পাশাপাশি চলা দায়। এ পথেই দীর্ঘ সারি ধরে ছোট-বড় ট্রাক আর ঠেলাগাড়িতে পণ্য ওঠানো-নামানো চলে দিনরাত। ফলে তীব্র যানজট লেগে থাকে সারাক্ষণ। তার ওপর সড়কের পাশের নর্দমায় জমে থাকা পানির সঙ্গে ময়লা-আবর্জনায় একাকার। কটু দুর্গন্ধে বেশির ভাগ এলাকায় চলতে হয় নাক চেপে ধরে। এ অবস্থার মধ্যে দেশের ধনাঢ্য ব্যবসায়ীরা আসা-যাওয়া করেন খাতুনগঞ্জের নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ে। বছরের পর বছর এ অবস্থা চললেও পরিস্থিতি উন্নয়নে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। প্রশস্ত করা হচ্ছে না রাস্তাঘাট। অপরিকল্পিতভাবে দোকানপাট গড়ে উঠলেও দেখার কেউ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রায় চার বর্গমাইল এলাকাজুড়ে চাক্তাই-খাতুনগঞ্জ-আছদগঞ্জ-কোরবানীগঞ্জে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় আছে প্রায় আট হাজার। দেশের ৪৫টি সরকারি-বেসরকারি ও বহুজাতিক বাণিজ্যিক ব্যাংকের অন্তত ৪০টির কার্যালয় আছে এ এলাকায়। কোনো ব্যাংকের একাধিক শাখাও আছে এখানে। এসব শাখায় প্রতিদিন লেনদেন হয় দেড় থেকে দুই হাজার কোটি টাকা। এ প্রসঙ্গে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘সরকার পরিবর্তন হয়, কিন্তু চাক্তাই-খাতুনগঞ্জের অবস্থার কোনো পরিবর্তন হয় না। ১০০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা খাতুনগঞ্জের অবস্থা উন্নয়নের দিকে প্রশাসনের নজর কাড়ার চেষ্টা করছি।’ জানা যায়, দেশের বড় বড় সব শিল্প গ্রুপ ও আমদানিকারকের বাণিজ্যের গোড়াপত্তন এই চাক্তাই-খাতুনগঞ্জ থেকে। এগুলোর মধ্যে রয়েছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টি কে গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, পিএইচপি গ্রুপ, এস আলম গ্রুপ, মোস্তফা গ্রুপ, বিএসএম গ্রুপ, সানোয়ারা গ্রুপ প্রভৃতি। এসব প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য ঢাকা-নারায়ণগঞ্জে সম্প্রসারিত হলেও খাতুনগঞ্জে এখনো তাদের একটি কার্যালয় রয়েছে। ব্যবসায়ীরা মনে করেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগেও খাতুনগঞ্জে একটি শাখা রাখা প্রয়োজন। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি বাণিজ্যের প্রথম সওদাপাতি চাক্তাই-খাতুনগঞ্জ দিয়েই হয়ে থাকে। এ প্রসঙ্গে মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘ঘিঞ্জি জায়গা হলেও যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের একটি কার্যালয় খাতুনগঞ্জে না খুললে মনে হয়, ব্যবসায় কোথায় যেন অপূর্ণতা রয়ে গেছে। আর চাক্তাই-খাতুনগঞ্জে সারা দেশের ব্যবসাকেন্দ্র ও গঞ্জের ব্যবসায়ীদের যে সমাগম হয়, তা দেশের অন্য কোনো বাজারে হয় না।’ নামকরণ: খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ব্রিটিশ আমল থেকে সদরঘাট, বাংলাবাজারকে ঘাট হিসেবে ব্যবহার করে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য চলত। তবে খাতুনগঞ্জের নামকরণ হয় অষ্টাদশ শতাব্দীর শেষভাগে চট্টগ্রামের সন্তান হামিদউল্লাহ খানের দ্বিতীয় স্ত্রী খাতুন বেগমের নামে। ব্রিটিশ সরকারের আমলা এবং পরবর্তী সময়ে সাবজজ হামিদউল্লাহ খান চাক্তাই খালের পাড়ে তাঁর স্ত্রীর নামে কয়েকটি দোকান তুলে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময়ে পৌরসভা সড়ক নির্মাণের সময় এলাকাটি খাতুনগঞ্জ হিসেবে চিহ্নিত করে। আর চাক্তাই নামটি এসেছে তুরস্কের চুগতাই সম্প্রদায় থেকে। সম্রাট বাবরের আমলে আরব ব্যবসায়ীদের পাশাপাশি তুর্কি ব্যবসায়ীরাও পালতোলা নৌকায় করে এসে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য করতেন। এই ব্যবসায়ীদের মধ্যে চুগতাই সম্প্রদায়ের লোক বেশি থাকায় এ অঞ্চল পরবর্তী সময়ে চাক্তাই হিসেবে পরিচিতি লাভ করে। ঐতিহ্য হারাচ্ছে: স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, চাক্তাই-খাতুনগঞ্জ ধীরে ধীরে ব্যবসায়িক ঐতিহ্য হারাচ্ছে। এখন ব্যবসা চলে যাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জে। জানা যায়, চট্টগ্রামে আমদানি পণ্য মজুদ রাখার মতো অবকাঠামো গড়ে তোলা হয়নি। যে পরিমাণ পণ্যসামগ্রী সমুদ্রপথে আমদানি হয়, তা রাখার মতো গুদাম নেই চট্টগ্রামে। বন্ধ থাকা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের গুদামে গাদাগাদি করে রাখা হচ্ছে বিভিন্ন রকমের পণ্য। তাতেও স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে নদীপথে ছোট ছোট দেশীয় জাহাজে (কোস্টার) করে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে মজুদ করা হচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জের গুদামে। এর আগে এরশাদের আমলে ঢাকার কমলাপুরে আইসিডি স্থাপনের কারণে কনটেইনারে করে আমদানি করা পণ্যসামগ্রী সরাসরি সেখানে চলে যাচ্ছে। চট্টগ্রামের তুলনায় ঢাকা থেকে দেশের অন্যান্য অঞ্চলের নদী, সড়ক ও রেলপথের যোগাযোগ অনেক সহজ। এ কারণে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসা এখন ঢাকামুখী হয়ে পড়েছে।