শতবর্ষের চট্টগ্রাম চেম্বার নিয়ে হতাশা ও ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষ পূরণ করেছে চট্টগ্রাম চেম্বার। দেশের পুরোনো চেম্বারগুলোর মধ্যে এটি একটি। ঐতিহ্যের ধারক-বাহক শতবর্ষী এ চেম্বারটি এখন অনেকটাই জৌলুশ হারিয়েছে। চট্টগ্রামের পুরোনো ব্যবসায়ী ও শিল্পপতিরা ক্রমেই এ চেম্বার থেকে দূরে সরে গেছেন। গত কয়েক দিনে চট্টগ্রামের একাধিক শিল্পপতি, ব্যবসায়ী ও চেম্বারটির সাবেক নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামের ব্যবসায়ী-শিল্পপতিদের মতে, অনেক ঐতিহ্য ও সুনামের এ চেম্বারটি এখন একটি গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়েছে। নিজেদের ব্যক্তিস্বার্থেই তাঁরা চেম্বারটিকে ব্যবহার করছেন। এ কারণে বাধ্য হয়ে পুরোনো ও প্রকৃত ব্যবসায়ীরা দূরে সরে গেছেন। তার পরিবর্তে একটি গোষ্ঠীর সমর্থনপুষ্টরা চেম্বারে আধিপত্য বিস্তার করছেন। এর ফলে চেম্বারের নেতৃত্বও দুর্বল হয়ে পড়েছে। তাই চেম্বারের নেতৃত্বের গ্রহণযোগ্যতাও এখন চট্টগ্রামের ব্যবসায়ী মহলে প্রশ্নের মুখে। সেই সঙ্গে চেম্বার সচিবালয়ের দক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে সরাসরি কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম চেম্বারের সঙ্গে দূরত্ব ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে মতপার্থক্যের জের ধরে ২০০৯ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) গঠিত হয়। বর্তমানে যার সভাপতির দায়িত্বে রয়েছেন কেডিএস গ্রুপের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান খলিলুর রহমান। এই চেম্বারের কার্যক্রম নিয়েও সেখানকার ব্যবসায়ীদের মধ্যে রয়েছে হতাশা।
চেম্বারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব ও নতুন চেম্বার সৃষ্টির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনিটর সভাপতি মাহবুবুল আলম তা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দূরত্ব বা মতপার্থক্য নয়, ব্যবসায়ীর সংখ্যা ও ব্যবসার পরিধি বাড়ায় সময়ের প্রয়োজনে নতুন চেম্বারের সৃষ্টি হয়েছে।’
চট্টগ্রাম চেম্বারের সঙ্গে যুক্ত সাবেক ও বর্তমান একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বর্তমানে চেম্বারের কার্যক্রম পরিচালিত হয় মূলত স্থানীয় সাংসদ ও সাবেক সভাপতি এম এ লতিফের নির্দেশে। চেম্বারের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে যেকোনো বড় আয়োজন সবই এম এ লতিফের একক নিয়ন্ত্রণে। সর্বশেষ চেম্বারের শতবর্ষ উদ্যাপন কমিটির প্রধানও ছিলেন তিনি। কোনো অনুষ্ঠান বা আমন্ত্রণ ছাড়া সাবেক অন্য সভাপতিদের খুব চেম্বারের নিয়মিত কর্মকাণ্ডে খুব একটা দেখা না গেলেও সাংসদ লতিফ বেশ সক্রিয়।
সম্প্রতি সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির যে অভিযোগ উঠেছে, তার ব্যক্তিগত ব্যাখ্যা দিতে চেম্বার কার্যালয়ে চেম্বার নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ নিয়েও চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, নানা অনিয়ম ও কারসাজির মাধ্যমে চেম্বারের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এম এ লতিফের হাতে রয়েছে। মূলত নামে-বেনামে লতিফ তাঁর নিকটজনদের চেম্বারের ভোটার বানিয়ে রেখেছেন। এর মাধ্যমে মূলত তিনি চেম্বারের নেতৃত্ব নির্বাচনকে নিজের কবজায় রেখে দিয়েছেন। তাই তাঁর সমর্থনপুষ্ট ছাড়া কারও চেম্বারের নেতৃত্বে আসার সুযোগ নেই বলেও জানান ব্যবসায়ীরা।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম এ লতিফ প্রথম আলোকে বলেন, ‘অতীতে চেম্বার কয়েকটি পরিবারের কাছে জিম্মি ছিল। সেখান থেকে চেম্বারকে মুক্ত করে সাধারণ ব্যবসায়ীদের মাঝে এনে দিয়েছি। চেম্বারে এখন প্রতিটি স্তরের ব্যবসায়ীর প্রতিনিধি রয়েছে। গুটি কয়েক বড় ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করিনি, এটা কি আমার দোষ?’ তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী এখনো চান চেম্বারে কেবল তাঁরা প্রতিনিধিত্ব করবেন, অন্য কেউ নয়। তাঁরা মিলে তো মেট্রোপলিটন চেম্বার গঠন করেছেন। কেন তাঁরা সেখানে সব ব্যবসায়ীকে যুক্ত করতে পারছেন না?’
এদিকে চেম্বারের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে সাবেক সভাপতি আমির হুনমায়ূন মাহমুদ চৌধুরী বলেন, চেম্বারের কর্মকাণ্ড থেকে চট্টগ্রামের প্রকৃত ব্যবসায়ীরা এখন অনেক দূরে সরে আছেন। কারণ, চেম্বারটি এখন একক আধিপত্যে চলছে। যতই দিন যাচ্ছে, চেম্বারের গ্রহণযোগ্যতা ও জৌলুশ কমছে।
আমির হুমমায়ূন মাহমুদ বলেন, একসময় জাতীয় পর্যায়ের অনেক কাঠামোগত পরিবর্তনের পেছনে চট্টগ্রাম চেম্বারের অবদান ছিল। চট্টগ্রামের হাজার বছরের ঐতিহ্য আদালত ভবন সংরক্ষণ, আয়কর সনদ ছাড়া জমি বিক্রি ও কর বিরোধ নিষ্পত্তির জন্য কর ন্যায়পাল ব্যবস্থা চালুসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় নীতি প্রণয়নে ছিল চট্টগ্রাম চেম্বারের গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু বর্তমান সেই অবস্থান এখন আর নেই।
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, চেম্বারের সঙ্গে ব্যবসায়ীদের সম্পৃক্ততা ও সেবার মান বাড়াতে হবে।
চেম্বারের সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব বলেন, ‘চেম্বারের নেতৃত্ব হতে হবে ব্যবসায়ীদের জন্য অভিভাবকতুল্য। অভিভাবক যেমন একটি পরিবারকে স্নেহ, ভালোবাসায় আগলে রাখার পাশাপাশি শাসনও করেন চেম্বারের নেতৃত্বও ব্যবসায়ী সমাজের জন্য তেমন হওয়া উচিত।’
চেম্বারের প্রকাশনা থেকে জানা গেছে, ১৯০৬ সালে ‘চিটাগাং চেম্বার অব কমার্স’ প্রতিষ্ঠিত হয়। সে সময় চট্টগ্রামে আরও বেশ কয়েকটি বণিক সমিতিও ছিল। পরবর্তী সময়ে ১৯৫৯ সালে তৎকালীন সরকারের নির্দেশে একটি বাদে বাকি বণিক সমিতিগুলো মিলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। যে চেম্বারটি সে সময় একীভূত হওয়ার বাইরে ছিল, সেটি ছিল আগ্রাবাদ চেম্বার অব কমার্স (বর্তমানে এটি ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)।