শতভাগ বিদেশি মালিকানায় জীবনবিমা কোম্পানি নয়
শতভাগ বিদেশি মালিকানায় বাংলাদেশে কোনো জীবনবিমা কোম্পানির নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিনিয়োগ ছাড়া বাংলাদেশে ব্যবসা করে বিপুল পরিমাণ অর্থ মুনাফা হিসেবে নিয়ে যাওয়ার বিষয়কেই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আইডিআরএ এ সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়কে সম্প্রতি এ সিদ্ধান্তের কথা সম্প্রতি জানিয়ে দিয়েছে আইডিআরএ। সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ড্রাইকোট পার্টনার্স গত এপ্রিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বাংলাদেশে জীবনবিমা ব্যবসা পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করে। অর্থ মন্ত্রণালয় তা বিবেচনার জন্য পাঠায় আইডিআরএর কাছে। এর পরিপ্রেক্ষিতে বিদেশি কোম্পানির বাংলাদেশে জীবনবিমা ব্যবসার বিভিন্ন দিক খতিয়ে দেখে আইডিএর এ সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি বা মেটলাইফ আলিকোর মুনাফা প্রত্যাবাসনের ঘটনাকে বিবেচনায় নেওয়া হয়েছে।আলিকো কাহিনি: আইডিআরের বিশ্লেষণে জানা গেছে, ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১০ বছরে কার্যত কোনো বিনিয়োগ ছাড়াই বাংলাদেশ থেকে পাঁচ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ৫০০ কোটি টাকা) মুনাফা নিয়ে গেছে মেটলাইফ আলিকো। কোম্পানিটি ২০১০ ও ২০১১ সালেও ভালো মুনাফা করেছে। এ দুই বছরের মোট মুনাফা থেকে দুই কোটি ২০ লাখ ডলার (প্রায় ১৮০ কোটি টাকা) যুক্তরাষ্ট্রে প্রত্যাবাসনের জন্য আলিকো সম্প্রতি আবেদন করেছে আইডিআরএর কাছে। আইডিআরএ এ হিসাব পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। আইডিআরএ অর্থ মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে বলেছে, বাংলাদেশে আলিকো শুধুই তাদের পণ্য বিপণন করছে। বিমা খাতে দক্ষ জনশক্তি তৈরিতে কোনো ভূমিকা রাখছে না এ কোম্পানি। আশ্চর্যজনক যে কোম্পানিটি বাংলাদেশে বিমা ব্যবসা শুরু করতে এক পয়সাও এ দেশে নিয়ে আসেনি। অথচ কোটি কোটি ডলার মুনাফা অর্জন করে নিয়ে যাচ্ছে। আইডিআরএ বলেছে, দেশীয় কোম্পানিগুলো যথাযথভাবে ব্যবসা পরিচালনা করতে ব্যর্থতার পরিচয় দেওয়ায় সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে তুলনামূলক ভালো ব্যবসা করেছে আলিকো। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করলে আলিকোর ব্যবসা কার্যক্রম এখানে উল্লেখ করার মতো কিছু নয়। আর বিধিবিধান মেনে চললে দেশীয় কোম্পানিগুলো আরও ভালো করতে পারবে। আইডিআরএ অর্থ মন্ত্রণালয়কে বলেছে, দেশের বেশির ভাগ জীবনবিমা কোম্পানি নতুন বিমা আইন তো বটেই, পুরোনো আইন অনুযায়ীও মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ। এটা ঠিক, কোম্পানিগুলোর পরিচালন ব্যয় আইনি সীমারেখার তুলনায় অনেক বেশিও। এ ছাড়া সাধারণ বিমা কোম্পানিগুলোতে যথাযথভাবে বিমা প্রতিনিধি নিয়োগ করা হয়নি। কমিশন দেওয়ার ক্ষেত্রেও রয়েছে কোম্পানিগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা। তবে আইডিআরএ এসব সমস্যা দূর করার পদক্ষেপ নিয়েছে। জীবনবিমা কোম্পানিগুলোর ব্যবসায়ের খরচ কমানোর অংশ হিসেবে জারি করেছে নানা প্রজ্ঞাপন। ড্রাইকোট পার্টনার্স: ড্রাইকোট পার্টনার্স নামক একটি বিদেশি কোম্পানি ‘ব্যাংক’ ও ‘ইনস্যুরেন্স’ মিলিয়ে ‘বাংকাসুরেন্স’ ধারণা নিয়ে বাংলাদেশে বিমা ব্যবসা করার জন্য আইডিআরএর কাছে আবেদন করেছে। এর সূত্র ধরেই আইডিআরএ আলিকোর প্রসঙ্গ নিয়ে এসেছে। তবে সার্বিক বিবেচনায় ড্রাইকোটের আবেদন নাকচ করা হয়েছে বলে মন্ত্রণালয়কে জানিয়েছে আইডিআরএ। উল্লেখ্য, বাংকাসুরেন্স হলো ব্যাংকের শাখার মাধ্যমে বিমার পণ্য বিক্রি করা। আইডিআরএ বলেছে, সম্প্রতি বিভিন্ন দেশে বাংকাসুরেন্স পদ্ধতিতে বিমা পণ্য বিপণন জনপ্রিয়তা পাচ্ছে। তবে বাংলাদেশে তা চালুর বিষয়টি বিশ্লেষণসাপেক্ষ। শুধু তা-ই নয়, ব্যাংক যেহেতু এ বিষয়টির সঙ্গে জড়িত, তাই এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকেরও অনুমতি লাগবে। বিমা নিয়ন্ত্রক সংস্থাটি অর্থ মন্ত্রণালয়কে আরও জানায়, মেটলাইফ আলিকো বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। প্রতিবেশী পাকিস্তানের পুঁজিবাজারেও তালিকাভুক্ত। অর্থাৎ এতে পাকিস্তানের মালিকানা রয়েছে। বাংলাদেশের আলিকোতে বাংলাদেশের কোনো মালিকানা নেই। এই আলিকো সম্পূর্ণই বিদেশি। এই অবস্থায় সম্পূর্ণ বিদেশি মালিকানায় আরেকটি কোম্পানিকে নিবন্ধন দেওয়ার কোনো বাস্তবতা নেই। অভিমত: যোগাযোগ করা হলে এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আপাতত শত ভাগ মালিকানার কোনো বিদেশি কোম্পানির দরকার নেই। তার পরও সরকার যদি নীতিগত সিদ্ধান্ত নেয় যেকোনো বিদেশি কোম্পানিকে নিবন্ধন দেওয়া হবে, তাহলে অন্য কথা। তবে নিবন্ধন যদি দেওয়া-ও হয়, কোনো অবস্থাতেই ২৫ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে দেওয়া যাবে না।’এ বিষয়ে মতামত জানতে চাইলে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘কোনো অবস্থাতেই শত ভাগ মালিকানা বিদেশি কোম্পানির হাতে দেওয়া যাবে না। তবে প্রতিযোগিতা বিবেচনায় বিদেশি কোম্পানিকে জীবনবিমা ব্যবসায়ের লাইসেন্স দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে বেশির ভাগ মালিকানা থাকতে হবে স্থানীয় কোম্পানির।’শেখ কবির আরও বলেন, কোনো বিনিয়োগ ছাড়াই যে আলিকো ব্যবসা করছে, এ ব্যাপারে আইডিআরএ চাইলে কিছু শর্তারোপ করতে পারে।আগের নেওয়া লাইসেন্সের জন্য নতুন করে কোনো শর্তারোপ করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বিআইএর সভাপতি বলেন, ‘আইডিআরএ পারে। সংস্থাটিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।’