৩৪ রপ্তানিকারককে দেওয়া হলো ফল ও সবজি রপ্তানির সনদ
শতভাগ মান নিশ্চিত না হলে রপ্তানির অনুমতি মিলবে না
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) নিবন্ধিত রপ্তানিকারক ছাড়া এখন থেকে আর কেউ সবজি ও ফল রপ্তানি করতে পারবে না। যাঁরা সরকারের শর্ত মেনে শতভাগ নিরাপদ সবজি-ফল রপ্তানি করবেন, শুধু তাঁরাই কেবল এ সনদ পাবেন।
শর্তটি পূরণ হওয়ায় ৩৪ জন রপ্তানিকারকের হাতে গতকাল মঙ্গলবার সনদ তুলে দিয়েছে ডিএই। অন্যান্য রপ্তানিকারকদেরও ডিএই সনদের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে। যাচাই-বাছাই করে তাঁদেরও পর্যায়ক্রমে সনদ দেওয়া হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি দেখভালের জন্য রপ্তানিকারক, ডিএই প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শিগগিরই একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে রপ্তানিকারকেরা কোন কোন জেলা থেকে কী কী সবজি ও ফল রপ্তানির জন্য সংগ্রহ করবেন, সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করে দুই সপ্তাহের মধ্যে ওই কমিটিতে জমা দিতে বলা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত কৃষিসচিব আনোয়ার ফারুক বলেছেন, ‘শতভাগ মান নিশ্চিত না হলে আমরা কাউকেই রপ্তানির অনুমতি দেব না।’ রপ্তানিকারকদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু রপ্তানির জন্য নিরাপদ সবজি-ফল সরবরাহ করলে হবে না। দেশের মানুষকেও নিরাপদ খাদ্য দিতে হবে।...মার্চ মাসে কেউ ল্যাংড়া আম বিক্রি করবে তা আমরা মেনে নেব না। নিরাপদ খাদ্য আইনের আওতায় ব্যবস্থা নেব।’ রাজধানীর খামারবাড়িতে ডিএই সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার মহাপরিচালক হামিদুর রহমান।
বাংলাদেশ থেকে যত সবজি ও ফল রপ্তানি হয় তার প্রায় অর্ধেকই যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। সবজি ও ফলে কয়েক দফা পোকা এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে সবজি ও ফল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ইইউ। কিন্তু শেষ পর্যন্ত ইইউ অবশ্য তা করেনি। তবে সরকার নিজেই লালশাক ও ডাঁটাশাক, করলা, চিচিঙ্গা, ধুন্দুল, পটোল ও লেবু (জারা লেবু ছাড়া) রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।
অনুষ্ঠানে একজন রপ্তানিকারক বলেন, গ্রীষ্মকালীন সবজি রপ্তানির মৌসুমেই সরকার সেগুলোর রপ্তানি নিষিদ্ধ করেছে। ফলে রপ্তানি অনেক কমে গেছে।
অতিরিক্ত কৃষিসচিব বলেন, ‘রপ্তানি তো আমরা ইচ্ছা করে বন্ধ করিনি। আমরা না করলে ইইউ বন্ধ করে দিত। এটাও ঠিক যে ইউরোপে আমরা তাদের মান অনুযায়ী সবজি দিতে পারছি না।’
প্রসঙ্গত, ইইউ আরোপিত নিষেধাজ্ঞার কারণে এখন বাংলাদেশ থেকে ইউরোপে পান রপ্তানি বন্ধ রয়েছে। রাশিয়া রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বাংলাদেশের আলুর ওপর।
অনুষ্ঠানে জানানো হয়, ইউরোপে যেন স্যালমোনেলা ব্যাকটেরিয়ামুক্ত পান রপ্তানি করা যায়, সে জন্য দেশের ১৬টি জেলার ১১০ জন পানচাষিকে নির্বাচিত করা হয়েছে। ব্যাকটেরিয়ামুক্ত পান চাষের জন্য তাঁদের এখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ডিএইর মহাপরিচালক হামিদুর রহমান বলেন, ‘উৎপাদন পর্যায় থেকে পণ্যের মান নিয়ন্ত্রণে আমরা জোর দিচ্ছি। এ জন্য কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে পোকা হবে না, পণ্যের গুণগত মান ভালো থাকবে, সে বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।’
সবজি-ফল রপ্তানিকারক সমিতির সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের অনেক মিস ডিক্লারেশন (ঘোষণা অনুযায়ী পণ্য রপ্তানি না হওয়া) হয়। ভোরবেলায় যখন পণ্য জাহাজীকরণ করা হয়, তখনই এটা বেশি হয়। কারণ, এ ক্ষেত্রে আমাদের সনদ নিতে হয় সন্ধ্যায়। কোনো কারণে সমস্যা দেখা দিলে মিস ডিক্লারেশন হয়ে যায়।’
সমিতির উপদেষ্টা মনজুরুল ইসলাম জানান, সমিতির পক্ষ থেকে ১০টি জেলায় ২০টি এলাকা নির্বাচিত করে সেখানে চুক্তিভিত্তিক চাষ (কন্ট্যাক্ট ফার্মিং) শুরু করা হয়েছে। প্রতিটি জায়গা সাত একর করে। এর মধ্যে মধুপুরে এক-দেড় মাসের মধ্যে মানসম্মত বেগুন উঠবে। এই প্রকল্প সফল হলে সারা দেশে এর বাস্তবায়ন করবেন রপ্তানিকারকেরা।
হর্টেক্স ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মিতুল কে সাহা বলেন, সরবরাহব্যবস্থার নানা পর্যায়ে সবজি ও ফল সমস্যায় পড়তে পারে। তাই প্রতিটি পর্যায়েই নিবিড় তদারকি প্রয়োজন।