শনিবার কাস্টম হাউস পুরোপুরি খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে আমদানি-রপ্তানি বাণিজ্যে ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শনিবার চট্টগ্রাম কাস্টম হাউসের পুরো কার্যক্রম চলেছে। আমদানি চালান শুল্কায়ন হয়েছে। বন্দর থেকে পণ্য খালাসের আগে পণ্যের কায়িক পরীক্ষাও হয়েছে। তবে আমদানি পণ্য খালাসের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার কার্যালয় খোলা না থাকায় প্রথম দিন পুরো সুফল পাওয়া যায়নি।এ পরিস্থিতিতে গতকাল দুপুরে কাস্টম হাউসের সম্মেলনকক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন বন্দর ও কাস্টম হাউস ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজস্ব বোর্ডের চারজন সদস্য, কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত প্রমুখ বক্তব্য দেন। বৈঠকে আলোচনা শেষে গোলাম হোসেন বলেন, এখন থেকে শুক্রবার কাস্টম হাউসের রপ্তানি কার্যক্রম এবং শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু থাকবে। এ জন্য ব্যবসায়ীদের কোনো অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে না। এই উদ্যোগের সুফল পেতে কাস্টম হাউসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কার্যালয় খোলা রাখার নির্দেশ দেন তিনি। কাস্টম হাউস ছাড়াও শনিবার মূসক ও আয়কর বিভাগ খোলা থাকছে বলে তিনি জানান।এনবিআরের চেয়ারম্যান বলেন, এক মাসে সাপ্তাহিক ছুটিসহ ১৮ দিন যদি নষ্ট হয় তাহলে কীভাবে চলবে? হরতালের কারণে এ মাসে কাস্টম হাউসে ৮০০ কোটি টাকা রাজস্ব ‘ক্ষতি’ হয়েছে বলে বৈঠকে জানান তিনি। বৈঠকে বন্দর সদস্য নজরুল ইসলাম বলেন, বন্দরের পরিচালন কার্যক্রম সব সময় সচল থাকে। তবে শনিবার পরিচালন কার্যক্রম ছাড়া অন্য সব কার্যক্রম বন্ধ থাকে। এনবিআরের চেয়ারম্যান বলেন, কাস্টম হাউস শনিবার খোলা থাকলে বন্দর কেন শনিবার পুরোদমে খোলা থাকবে না? শনিবারও পরিচালন কার্যক্রমের পাশাপাশি বন্দরের অন্য সব বিভাগ খোলা রাখার জন্য তিনি নৌমন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলবেন বলে বৈঠকে জানান।এর আগে আলোচনায় বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, প্রয়োজনে হরতালের সময় ঢাকা-চট্টগ্রামে পণ্য আনা-নেওয়া করতে নৌবাহিনী ও বিমানবাহিনীর সহযোগিতার জন্য তাঁদের সঙ্গে আলোচনায় বসব আমরা।’খলিলুর রহমান শুক্রবারও আমদানি কার্যক্রম চালু রাখার দাবি জানান। কামাল হায়াত বলেন, শনিবার কাস্টম হাউস খোলা রাখার সুফল পেতে সবার সহযোগিতা দরকার। কারণ একপক্ষ যদি সহযোগিতা না করে তাহলে পুরো সুফল মিলবে না।সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আজ কাস্টম হাউস খোলা থাকলেও এখানে অবস্থিত ব্যাংকের কার্যালয় খোলা ছিল না। এ কারণে শুল্কায়ন হলেও রাজস্ব জমা দিতে পারিনি।’ বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন এই উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।