শনিবার থেকে নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলন
আগামী শনিবার থেকে ঢাকায় নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলন শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে সিপিডি। মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন ও অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ সম্মেলন হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সম্মেলনের উদ্বোধন করবেন। বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশি-বিদেশি শতাধিক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও গবেষকেরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কীভাবে আঞ্চলিক সহযোগিতা কাজে লাগানো যায়, সেটাই এ সম্মেলনের মূল আলোচ্য বিষয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো-২০৩০ সালের দক্ষিণ এশিয়া পুনর্ভাবনা।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘দক্ষিণ এশিয়া অনেক সম্ভাবনার অঞ্চল—আবার অনেক চ্যালেঞ্জেরও।’ তিনি বলেন, নানা প্রেক্ষাপটে সার্ক পিছিয়ে গেছে। আবার দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে সার্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্মেলন সার্কের আওতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আবার উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে।
মূলত দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলন একটি বেসরকারি পর্যায়ের উদ্যোগ। তবে আয়োজকেরা জানান, এ সম্মেলনে সরকারি পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রী-সাংসদেরা বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখবেন।
এ সম্মেলনে সহযোগী আয়োজক ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ (আরআইএস), পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই), ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কা (আইপিএস) এবং দক্ষিণ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট (এসএডব্লিউটিইই)।