শমশেরনগর বিমানবন্দর আবার সচল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, শমশেরনগর বিমানবন্দরে অচিরেই বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনসের যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র আকর্ষণীয় করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।জি এম কাদের আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে পর্যটকদের সেবা দেওয়ার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলার সব পর্যটনকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। দেশের সবচেয়ে আকর্ষণীয় জলপ্রপাত হামহাম পরিদর্শনে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত সুগম করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে গভীর বনে অবাধে প্রবেশ করার মতো ব্যবস্থা করা হলে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। বিষয়টি চিন্তা করেই উন্নয়ন করতে হবে।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন শেষে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। মন্ত্রীর সফরকালে মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।পর্যটনশিল্পে উজ্জ্বল সম্ভাবনাময় কমলগঞ্জ উপজেলা উল্লেখ করে জি এম কাদের বলেন, মৌলভীবাজার জেলার পর্যটনকেন্দ্রগুলো বিশেষ করে কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ এলাকা, হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের আকৃষ্ট করতে ও তাঁদের সেবা দিতে বেসরকারিভাবে রিসোর্ট, কটেজ, উন্নত হোটেল ব্যবস্থাপনার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাও থাকবে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অচিরেই লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দরে বেসরকারি বিমান ইউনাইটেড এয়ারের বিমান চলাচল করবে। এ ব্যাপারে প্রাথমিকভাবে এক ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শমশেরনগর বিমানবন্দরের রানওয়ে থেকে বিমান উড্ডয়নকালে ভারতীয় আকাশ ব্যবহার করতে হয় বলেও ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে অনুমতি দেওয়া হবে। তবে ইউনাইটেড এয়ারলাইনস তাদের বিমানবহরে আরও কিছু নতুন বিমান যুক্ত করার পর ফ্লাইট চালু হবে।সাংসদ ও প্রশাসনের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, শমশেরনগর বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল করার প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব পর্যটনকেন্দ্রে দেশি-বিদেশি পর্যটক আগমন বেড়ে গেলে স্থানীয় উন্নয়নের সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব আয় প্রচুর পরিমাণে বাড়বে।