শমশেরনগরে জমে উঠেছে ঈদ বাজার
মৌলভবািজারের গুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগরে জমে উঠেছে ঈদ বাজার। বিভিন্ন বিপণিবিতানে কাপড়, পোশাক ও জুতার দোকানগুলোতে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারতীয় বাংলা ও হিন্দি ধারাবাহিক এবং সিনেমার নামে বাজারে আসা পোশাকের চাহিদা বেশি বলে বিক্রেতারা জানান। সরেজমিনে দেখা যায়, শমসেরনগরে রয়েল প্লাজা, সাদেক ভবন, হোসেন প্লাজা, রহিম ম্যানশন, মদিনা সুপার মার্কেট, সুবল ট্রেড সেন্টার ও চৌধুরী মার্কেট এবং পতনউষার, মুন্সীবাজার, আদমপুর ও ভানুগাছ বাজারে সকাল থেকে রাত অবধি ক্রেতারা ভিড় করেন। গলির দোকানগুলোতেও নিম্ন আয়ের মানুষের কেনাকাটা করে চলেছেন।বিক্রেতারা জানান, ১৫ রমজানের পর থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। ক্রেতাদের অধিকাংশই বাহারি সব নামের পোশাকই খোঁজ করেন এবং কেনেন। এর মধ্যে শিশুদের পোশাকের নাম হচ্ছে: শিশুদের টিপ টপ, লক্ষ্মী, সোনামনি, ফুলকলি, ডিভাইডার, জিন্স, হানড্রেড পার্সেন্ট লাভ, থ্রি কোয়ার্টার ও বাবা ইত্যাদি। মেয়েদের কাছে যেসব নামের পোশাকের চাহিদা বেশি: দাবাং-২, সংহাম, ঝিলিক, বাংলালিংক, আওয়ারা, বিডসকডস, রাশি, বেহুলা, হানড্রেড পার্সেন্ট লাভ, পাগলু প্রভৃতি। আর ছেলেদের বেলায় থাই প্যান্ট, চায়না প্যান্ট, পাগলু -১ শার্ট, বডিগার্ড শার্টের চাহিদা বেশি।বাজার ঘুরে জানা যায়, ছোট ছেলে-মেয়েদের জামা সর্বনিম্ন ৪০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা, ছেলেদের জামা ও প্যান্ট পাঁচশ’ টাকা এক হাজার ২০০ টাকা, মেয়েদের শাড়ি ৬০০ টাকা থেকে ছয় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।