বাণিজ্য মন্ত্রণালয় থেকেও তদন্তের নির্দেশ
শরীয়তপুর চেম্বারের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে মামলা
শরীয়তপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে উচ্চ আদালতে মামলা হয়েছে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে দুটি কমিটি জমা হওয়ায় জেলা প্রশাসনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে, ২০০৮ সালের ২৭ নভেম্বর শরীয়তপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মির্জা এ সাঈদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। কিন্তু ২০০৯ সালের ২৪ অক্টোবর চেম্বারের কার্যনির্বাহী কমিটির এক সভায় সংগঠন পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ এনে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এরপর মির্জা এ সাঈদকে সভাপতি করে নতুন ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করে তা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব জায়গায় জমা দেওয়া হয়।এ ছাড়া এফবিসিসিআইয়ের বরাদ্দ দেওয়া ১৮ লাখ টাকায় স্থানীয় মডেল টাউনে গত নভেম্বর মাস থেকে চেম্বারের ভবন নির্মাণের কাজ শুরু করেন এম এ সাঈদ। ব্যবসায়ীদের একটি অংশের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে পুরো ঘটনাটি তদন্ত করার জন্য শরীয়তপুর জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়।এ প্রসঙ্গে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দুলাল কৃষ্ণ সাহা প্রথম আলোকে জানান, ‘দুই পক্ষের কাগজপত্র পর্যালোচনা করছি। ১০ জানুয়ারি উভয় পক্ষের প্রতিনিধিদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।’চেম্বারের ২০০৮ সালের নির্বাচিত কমিটির সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ ২০০৯ সালের ২৪ নভেম্বর উচ্চ আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মির্জা এ সাঈদের নতুন কমিটি ও চেম্বার ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে পরবর্তী চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন উচ্চ আদালত।এ ব্যাপারে মির্জা এ সাঈদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালে নির্বাচিত সভাপতি ছিলাম আমি। কমিটির অন্য সদস্যদের কার্যক্রম ভালো ছিল না বিধায় নতুন কমিটি করা হয়েছে।’অন্যদিকে আলাউদ্দিন আল আজাদ বলেন, সংগঠনের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করায় এম এ সাঈদকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।