শর্টসার্কিট থেকেই আগুন
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট ও ইলেকট্রিক কেটলি থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে তিনটি কম্পিউটার ও ইউপিএস, একটি করে স্ক্যানার ও ফটোকপি মেশিন, দুটি প্রিন্টার, কয়েকটি চেয়ার-টেবিলসহ কিছু আসবাব পুড়ে গেছে।
এসব ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশও করেছে কমিটি। সুপারিশে বলা হয়েছে, ৩০ তলা ভবনে ইলেকট্রিক কেটলি ব্যবহারের অনুমতি না থাকলেও ব্যবহার হচ্ছে। চাহিদাপত্রের ভিত্তিতে এ ধরনের সরঞ্জাম সরবরাহও করা হয়। আগামী দিনে যেন এমনটি না করা হয়।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকে লাগা আগুনে ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষ ও তাঁর ব্যক্তিগত সহকারীর বসার জায়গা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ওই দিনই তিন সদস্যের কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে গঠিত কমিটি গতকাল বিকেলে রিপোর্ট জমা দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, বিকেলে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ওই দিনই আলাদা একটি তদন্ত কমিটি করা হয়। কমিটির সদস্যরা গতকাল দুপুরের পর বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনে যায়। সেখানে তাঁরা ঘটনার সময় কর্মরত নিরাপত্তা প্রহরী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি নেন।