শর্ত পর্যালোচনা করতে আইএমএফ দল ঢাকায়
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অর্জন ও সুশাসনসহ কয়েকটি বিষয়ে খোঁজ নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল গতকাল বুধবার বাংলাদেশ সফরে এসেছে। বর্ধিত ঋণ-সহায়তা (ইসিএফ) বাবদ বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা আইএমএফের। গত এপ্রিলে আইএমএফের পরিচালনা পর্ষদ তা অনুমোদন করেছিল। সমান সাত কিস্তিতে বাংলাদেশ এ অর্থ পাবে, যার বিনিময়ে কোনো সুদ নেবে না সংস্থাটি। এর মধ্যে ১৪ কোটি ১০ লাখ ডলারের প্রথম কিস্তি বাংলাদেশ পেয়েও গেছে। বাকি কিস্তি দেওয়ার ক্ষেত্রে যেসব শর্ত দিয়েছিল আইএমএফ, এরই মধ্যে সেগুলো কতটা পালিত হয়েছে, তা খতিয়ে দেখতেই দলটির মূলত বাংলাদেশ সফরে আসা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আইএমএফ দলটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপ্রধান ডেভিড কাউয়েন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আইএমএফের এই দল বৈঠক করবে বলে জানা গেছে। গতকালই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে একটি বৈঠক করেছে আইএমএফ দল। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দলটি বাংলাদেশে থাকবে।জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অর্জন ও সুশাসনের পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) শক্তিশালী করার ব্যাপারে পদক্ষেপ, নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিয়ে একটি সমন্বিত তদারক কাউন্সিল গঠন, কোম্পানি আইন ও মূল্য সংযোজন কর (মূসক) আইন করা, ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন, ২০১২-১৩ অর্থবছরে অগ্রাধিকারভুক্ত সংস্কার কার্যক্রম ইত্যাদি বিষয়ে অগ্রগতি নিয়ে জানতে চাইবে আইএমএফ।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের সঙ্গে যে বৈঠকগুলো হয়, সেগুলোতে অনেক গোপনীয়তা বজায় রাখা হয়। এমনকি, টেবিলে যে কাগজগুলো উপস্থাপন করা হয়, বৈঠক শেষে সেগুলো নিয়ে নেয় আইএমএফ।