শর্ত ভঙ্গ, তবু নিষ্ক্রিয় চট্টগ্রাম বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর কনটেইনার ডিপো
কমলাপুর কনটেইনার ডিপো

চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি হওয়ার ১৮ মাস পরও ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো পরিচালনার কাজ শুরু করেনি বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শুরু করতে ব্যর্থ হওয়ার পরও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ।
দরপত্রের শর্ত অনুযায়ী, চুক্তির পর সাত মাসের মধ্যে নির্বাচিত প্রতিষ্ঠানকে সব যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করতে হবে। এ সময়ের মধ্যে কাজ শুরু করতে না পারলে প্রতি মাসে চুক্তিমূল্যের ১ শতাংশ হারে জরিমানা দিতে হবে। জরিমানার হার সর্বোচ্চ ১০ শতাংশ হলে চুক্তি বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ সর্বোচ্চ ১৭ মাসের মধ্যে কাজ শুরু করার বাধ্যবাধকতা আছে।
বন্দর সূত্র জানায়, ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোতে যন্ত্রপাতি কিনে ১০ বছর পরিচালনার দরপত্র জমা নেওয়া হয় ২০১২ সালের ১৮ জুন। এই দরপত্রে যোগ্য সর্বনিম্ন দরদাতা হয় সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি দর দিয়েছে ৬৯ কোটি ২৫ লাখ টাকা। এই ক্রয় প্রস্তাব সরকারি অনুমোদনের পর প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয় গত বছরের ৩১ জানুয়ারি। এ হিসেবে চুক্তির পর ১৮ মাসের বেশি সময় পেরিয়ে গেছে।
শর্ত অনুযায়ী, কাজ শুরু করতে না পারায় জরিমানা হিসেবে ছয় কোটি ৯২ লাখ টাকা পাওনা হয়ে গেছে বন্দরের। আবার জামানত হিসেবেও ছয় কোটি ৯২ লাখ টাকা বাজেয়াপ্ত করার সুযোগ আছে। জরিমানা ও বাজেয়াপ্ত মিলে প্রায় ১৪ কোটি টাকা বন্দরের তহবিলে যোগ হওয়ার কথা।
জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত রোববার প্রথম আলোকে বলেন, ‘কমলাপুর ডিপোর ইয়ার্ড (কনটেইনার রাখার চত্বর) খারাপ হওয়ার কারণে এগুলো ঠিক করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি আবেদন জানিয়েছে। আমরা রেলওয়েকে (ইয়ার্ডের মালিক) ইয়ার্ড ঠিক করতে তাগাদা দিয়েছি। ইয়ার্ড ঠিক হলে কাজ শুরু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।’ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে জানালে তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
একাধিক সূত্র জানায়, কমলাপুর ডিপোর দরপত্রে সবচেয়ে কম দর দিয়ে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কারণ, প্রতিষ্ঠানটিকে বিনিয়োগ করে কাজ করতে হবে এই ডিপোতে। আবার রেলপথে কনটেইনার পরিবহনের হারও কম। বন্দরে যত কনটেইনার ওঠানো-নামানো হয়, এর প্রায় ৫ শতাংশ এই ডিপো ব্যবহার করে আনা-নেওয়া হয়।
এ বিষয়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, কনটেইনার ইয়ার্ড খারাপ হওয়ায় তাঁরা কাজ শুরু করতে পারছেন না। ডিপো পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহের ঋণপত্রও খোলা হয়েছে।
তবে কমলাপুর ডিপো সূত্রে জানা গেছে, কনটেইনার রাখার চত্বরে সংস্কারকাজ প্রায় শেষ করেছে রেলওয়ে। শুধু মাঝেমধ্যে চত্বরে ছোটখাটো গর্ত সৃষ্টি হলে সেগুলো মেরামত করে রেলওয়ে।
উল্লেখ্য, এই ডিপো পরিচালনা নিয়ে এর আগে মামলায় জড়িয়ে পড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীসহ জোট সরকারের নয়জন মন্ত্রী। দরপত্রের শর্ত ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে গ্যাটকোকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ দেওয়ার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জোট সরকারের নয়জন মন্ত্রীকে মামলার আসামি করা হয়েছে। বর্তমানে উচ্চ আদালতে মামলাটি স্থগিত রয়েছে।
একপর্যায়ে ২০১১ সালের ২ ডিসেম্বর থেকে বন্দর কর্তৃপক্ষ গ্যাটকো থেকে কনটেইনার ওঠানো-নামানোর দায়িত্ব নিয়ে এই ডিপো নিজেরা পরিচালনা করে আসছিল। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু না করায় এখন বন্দর পুরোনো যন্ত্রপাতি দিয়ে এই ডিপো পরিচালনা করছে। ডিপোর মালিক রেলওয়ের সঙ্গে পরিচালন বাবদ আয়-ব্যয়ের সমঝোতা করে বন্দর নিজে পরিচালনা করছে।
এই ডিপো ব্যবহার করে ঢাকা ও আশপাশের অঞ্চলের আমদানি-রপ্তানিকারকেরা রেলপথে বন্দরে পণ্য আনা-নেওয়া করেন। তাও সক্ষমতা অনুযায়ী কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে না।
নিয়ম ভেঙে চুক্তি: মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ২০১২ সালের ৭ নভেম্বর অনুমোদনের বিষয়টি বন্দরকে জানানো হয়। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম হাতে নেওয়ার জন্য বলা হয় মন্ত্রণালয়ের চিঠিতে।
গণখাতে ক্রয়বিধি ১০২ ধারা অনুযায়ী, চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদনের এক সপ্তাহের মধ্যে কৃতকার্য দরপত্রদাতার কাছে চুক্তি সম্পাদনের নোটিশ জারি করবে ক্রয়কারী কর্তৃপক্ষ।
তবে বন্দর কর্তৃপক্ষ চুক্তি সম্পাদনের জন্য নোটিশ জারি করে ২১ দিন পর, ২০১২ সালের ২৮ নভেম্বর। ক্রয়বিধি অনুযায়ী, নোটিশ জারির পর প্রতিষ্ঠানটি সাত দিনের মধ্যে সম্মতি প্রদান করতে হবে। কিন্তু সম্মতি প্রদান না করায় দ্বিতীয় দফায় গত বছরের ২১ জানুয়ারি আবারও প্রতিষ্ঠানটির অনুকূলে নোটিশ (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) জারি করে বন্দর। এই নোটিশে বন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ২৮ জানুয়ারির মধ্যে চুক্তি সই করতে হবে। এই সময়ের পরে নয়। এর পরও বন্দর নিজেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করে গত বছরের ৩১ জানুয়ারি।
গণখাতে ক্রয়বিধির ১০২ (৪) ধারায় বলা হয়, বর্ণিত সময়সীমার মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়ে কোনো সম্মতি প্রদান না করলে উক্ত দরপত্রদাতার দরপত্র জামানত বাজেয়াপ্ত হবে।এ ক্ষেত্রে দ্বিতীয় দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের জন্য আহ্বান জানাতে হবে। তবে বন্দর এসব নিয়ম মানেনি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বন্দর বোর্ডের সাবেক সদস্য (পরিকল্পনা) হাদী হোসেন প্রথম আলোকে বলেন, গণখাতে
ক্রয়বিধির ব্যত্যয় ঘটানো বন্দরের উচিত হয়নি। আবার যেহেতু চুক্তির পর কাজ শুরুর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে, সে জন্য বিষয়টি গুরুত্ব দিয়ে বন্দরের পদক্ষেপ নেওয়া উচিত। দরপত্র দলিলের শর্তানুযায়ী চুক্তি বাতিলসহ যেসব পদক্ষেপের কথা বলা আছে, সেগুলো বাস্তবায়ন করা উচিত।
বন্দরের একাধিক সূত্র জানায়, কমলাপুর ডিপো পরিচালনায় জটিলতা নিয়ে চুক্তি হওয়া প্রতিষ্ঠানটির ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে এসংক্রান্ত একটি ফাইল বোর্ডসভায় আলোচনার জন্য পাঠানো হয়েছে। তবে এটি এখনো বোর্ডসভায় আলোচনা হয়নি।
দুদকে তদন্ত চলছে: কমলাপুর ডিপো পরিচালনার দরপত্র কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সূত্র জানায়, দুদুক চট্টগ্রাম-১-এর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক তদন্ত করছেন। চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর ডিপো পরিচালনার দরপত্রসহ যাবতীয় নথি সংগ্রহ করেছে দুদক।
যোগাযোগ করা হলে দুদকের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, তাঁরা এখনো প্রাথমিক প্রতিবেদন দেননি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে বলে জানা গেছে।