বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর সঙ্গে বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
শর্ত ভঙ্গকারী বস্ত্রকল ফেরত নেওয়া হবে
বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যেসব বস্ত্রকল শর্ত ভঙ্গ করেছে, সেগুলো ফেরত নিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
প্রতিমন্ত্রী বলেছেন, বেসরকারি খাতে ছেড়ে দেওয়া অনেক বস্ত্রকল বন্ধ হয়ে আছে। বেসরকারি খাতে দেওয়ার সময় যে শর্ত ছিল, তা যারা ভঙ্গ করেছে তাদের কাছ থেকে বস্ত্রকল ফিরিয়ে আনা হবে। পরে এসব কারখানার জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে আগ্রহী ব্যবসায়ীদের ইজারা দেওয়া হবে।
রাজধানীর বস্ত্র পরিদপ্তরে পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিদের সঙ্গে গতকাল মঙ্গলবার এক বৈঠকে প্রতিমন্ত্রী কথাগুলো বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটসচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বস্ত্র পরিদপ্তরের পরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান বায়েজিদ সরোয়ার, বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির, বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ ও বিটিএমএর সহসভাপতি ফজলুল হক। বস্ত্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিটিএমসি সূত্রে জানা গেছে, সরকারের বিরাষ্ট্রীয়করণ ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর নীতির আওতায় ১৯৭৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৬৫টি বস্ত্রকল হস্তান্তর করা হয়। হস্তান্তর চুক্তিতে ‘শিল্পকে শিল্প’ হিসেবে রাখার কথা বলা হলেও অনেকেই মিলের জায়গায় আবাসন প্রকল্প করেছেন। এদিকে বর্তমানে বিটিএমসির অধীনে ১৮টি বস্ত্রকল আছে।
মির্জা আজম বলেন, বস্ত্র খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে দেশের বড় জেলাগুলোতে একটি করে টেক্সটাইল কলেজ ও প্রতিটি জেলায় ভকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বস্ত্র আইন প্রণয়নের কাজ শুরু হয়েছে। বর্তমানে তা যাচাই-বাছাইয়ের পর্যায়ে আছে। শিগগিরই এটি চূড়ান্ত করা হবে।