শর্ত সাপেক্ষে চিনি রপ্তানির সুযোগ দেওয়া হতে পারে
শর্ত সাপেক্ষে চিনি রপ্তানির সুযোগ দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন।সচিব বলেন, বিশ্লেষণ করে দেখা গেছে, কোম্পানিওয়ারি চিনি রপ্তানির সুযোগ দেওয়া যেতে পারে। তবে অবশ্যই তা হবে কোম্পানিগুলোর কাছ থেকে দেশীয় মোট চিনির চাহিদা পূরণের নিশ্চয়তা পাওয়ার পর।চিনি ও ভোজ্যতেলের মূল্য, মজুদ, আমদানি পরিস্থিতি, পরিবেশক পদ্ধতির কার্যকারিতা ও পবিত্র রমজান উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে বাণিজ্যসচিব এসব কথা বলেন।গোলাম হোসেন আরও বলেন, ব্যবসায়ীরা বৈঠকে জানিয়েছেন যে দেশের চিনি পরিশোধন কারখানাগুলোর ৩৩ লাখ টন চিনি উৎপাদনের ক্ষমতা রয়েছে। অথচ দেশীয় চাহিদা বেশি করে ধরলেও ১৫ লাখ টন। বাকিটা রপ্তানি করাই যায়।বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানসহ দেশের প্রায় সব ভোজ্যতেল ও চিনি পরিশোধন কারখানা মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মূল্য কারসাজি হতে পারে বিবেচনায় বর্তমানে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে।গোলাম হোসেন আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ ভোজ্যতেল ও চিনির মজুদ রয়েছে। আগামী রমজানেও তা থাকবে। বাজারে কোনো পণ্যের ঘাটতির বিষয়ে বিভ্রান্তির সুযোগ যাতে কোনো মহল নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।চিনির মূল্য বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে কম থাকায় সন্তোষ প্রকাশ করেন বাণিজ্যসচিব। তিনি বলেন, ভোজ্যতেলের মূল্যও বর্তমানে বিশ্ববাজারে স্থিতিশীল রয়েছে এবং আগামী রমজানে ভোজ্যতেলের দাম বাড়ার কথা নয়।দাম বাড়ার কথা না থাকলেও যদি ব্যবসায়ীরা তা বাড়ান, সরকার তখন কী করবে—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সরকারের অনেক কিছুই করার রয়েছে এবং তা করেও থাকে।