শর্ত সাপেক্ষে তালিকাভুক্ত হবে এমআই সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার চূড়ান্ত অনুমোদন পেল এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল মঙ্গলবার কোম্পানিটিকে কিছু শর্ত জুড়ে দিয়ে তালিকাভুক্ত করার ব্যাপারে নির্দেশনা জারি করেছে। দুই স্টক এক্সচেঞ্জ ও সংশ্লিষ্ট কোম্পানিকে গতকালই এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। এর আগে গত রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও এমআই সিমেন্টের প্রতিনিধিদের এক যৌথ সভায় প্রতিষ্ঠানটিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন কোম্পানির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, তালিকাভুক্তির পরের ছয় মাসের মধ্যে শেয়ারের দাম প্রস্তাবিত মূল্যের চেয়ে কমে গেলে কোম্পানির উদ্যোক্তা পরিচালকেরা প্রাথমিক শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শেয়ারধারী যতটুকু আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, কেবল ততটুকুই দেওয়া হবে। কোম্পানির এ প্রস্তাবে বৈঠকে উপস্থিত সব পক্ষ রাজি হলে ওই দিনই তালিকাভুক্ত করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের ভিত্তিতেই গতকাল এসইসি চূড়ান্ত নির্দেশনা জারি করল।নির্দেশনায় বলা হয়েছে, ছয় মাসের মধ্যে শেয়ারের দাম কমে গেলে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলো ক্ষতিগ্রস্ত প্রাথমিক শেয়ারধারীদের তালিকা প্রণয়ন করে কোম্পানির কাছে পাঠাবে। এরপর কোম্পানি তাদের কাছে থাকা প্রাথমিক শেয়ারধারীদের তালিকা যাচাই-বাছাই করে ২৫ কার্যদিবসের মধ্যে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করবে। এ জন্য কোম্পানিকে যেকোনো একটি তফসিলি ব্যাংকের এস্ক্রো হিসাবে পাঁচ কোটি টাকা জামানত রাখতে হবে। একই সঙ্গে উদ্যোক্তাদের ৭৫ লাখ শেয়ার (মোট শেয়ারের ২৫ শতাংশ) দুই স্টক এক্সচেঞ্জের কাছে গচ্ছিত (লিয়েন) রাখা লাগবে। এর মধ্যে ৫৫ লাখ ডিএসইতে এবং ২০ লাখ সিএসইতে রাখতে হবে, যেন প্রয়োজনের সময় উদ্যোক্তারা এসব শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে পারেন। এ জন্য এসব শেয়ারের ওপর থেকে বিক্রয় নিষেধাজ্ঞা বা লকইন তুলে নেওয়া হয়েছে। পুঁজিবাজারের নিয়মানুযায়ী উদ্যোক্তাদের শেয়ার তালিকাভুক্তির পর তিন বছর পর্যন্ত লকইন থাকে। কিন্তু এ ক্ষেত্রে কেবল দুই স্টক এক্সচেঞ্জের কাছে গচ্ছিত থাকা শেয়ারের ওপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর থাকছে না। এসব তথ্য শেয়ারধারীদের অবগতির জন্য দুটি বহুল প্রচলিত জাতীয় দৈনিকে পর পর দুই দিন বিজ্ঞপ্তি আকারে প্রকাশের কথাও নির্দেশনায় বলা হয়েছে।