শর্ত সাপেক্ষে তালিকাভুক্তির অনুমোদন পাচ্ছে এমজেএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমজেএল বাংলাদেশ লিমিটেডকে নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির এক সভায় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়া হয়। এর আগে কোম্পানিটির পক্ষ থেকে এসইসিকে নিশ্চিত করা হয়, তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে শেয়ারের দর প্রস্তাবিত মূল্যের নিচে গেলে প্রাথমিক শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কোম্পানি আইনের ৫৭-এর ২(সি) ধারা অনুযায়ী এ ধরনের নিশ্চয়তা দেওয়ার কথা উল্লেখ করে কোম্পানি। এসইসি সূত্র জানায়, কোম্পানিটির পক্ষ থেকে এ ধরনের নিশ্চয়তা পাওয়ার পরই তালিকাভুক্তির ব্যাপারে দুই স্টক এক্সচেঞ্জকে উদ্যোগ নিতে বলা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এসইসিকে জানানো হয়েছে, প্রাথমিক শেয়ার বরাদ্দ পেয়েছেন—এমন কেউ শেয়ার বিক্রি করে ক্ষতিগ্রস্ত হলে তাঁকে টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি ক্রয়মূল্যের চেয়ে বিক্রিমূল্যের যে পার্থক্যটুকু থাকবে, সেই পরিমাণ পাবেন। এমজেএল বাংলাদেশের প্রতিটি প্রাথমিক শেয়ার বিক্রি হয়েছে ১৫২ টাকায়। ওই সময় বরাদ্দ পাওয়া কেউ যদি তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে ১৩০ টাকায় বিক্রি করেন, কোম্পানি তাঁকে ২২ টাকা ফেরত দেবে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের কাছ থেকে নেওয়া লেনদেনের প্রমাণপত্র কোম্পানিতে উপস্থাপন করতে হবে। প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে কোম্পানির মনোনীত ব্যাংক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের টাকা পরিশোধ করবে।পুঁজিবাজার থেকে উত্তোলিত কোম্পানিটির সমুদয় টাকা বর্তমানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের এস্ক্রো হিসাবে জমা রয়েছে। এমজেএল বাংলাদেশ বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণের মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পায়। আর এ প্রক্রিয়ায় কোম্পানিটি মোট ৬০৯ কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু বাজারে সাম্প্রতিক ধসের পর কোম্পানির শেয়ারের মূল্যায়ন নিয়ে বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা ওঠে। তীব্র সমালোচনার মুখে গত ২০ জানুয়ারি সরকার কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে। এক দিন পরই বিক্রিমূল্যের চেয়ে শেয়ারের দর কমে গেলে পরিচালকদের কিনতে হবে—এ শর্তে কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। কিন্তু এ শর্তে তালিকাভুক্তিতে শুরুতে রাজি হলেও পরে নানা জটিলতার কথা উল্লেখ করে কোম্পানির পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানো হয়। কিন্তু এসইসি রাজি না হলে পরে কোম্পানিটি বিকল্প প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত বিকল্প প্রস্তাবে রাজি হয়েছে এসইসি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, আইন অনুযায়ী কোম্পানির টাকা দিয়ে ক্ষতিপূরণের বিষয়টি বৈধতা পেলেও প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার উদ্দেশ্যের সঙ্গে এটি সংগতিপূর্ণ নয়। কারণ একটি কোম্পানি বাজার টাকা উত্তোলন করে তার আর্থিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য। কিন্তু সেই টাকার একটি অংশ প্রাথমিক শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের কাজে ব্যয় করা হলে কোম্পানির সেই উদ্দেশ্য ব্যাহত হবে। তিনি বলেন, কোম্পানিকে অনুমোদন দেওয়ার আগেই এসইসিকে শেয়ারটির অতি মূল্যায়নের বিষয়টি ভাবা দরকার ছিল। উল্লেখ্য, স্বাভাবিক নিয়ম অনুসারে এমজেএল বাংলাদেশ লিমিটেডকে ৩১ মার্চের মধ্যে তালিকাভুক্তির কথা। কারণ অনাবাসী বিনিয়োগকারীদের প্রাথমিক শেয়ার (আইপিও) আবেদনের চাঁদা জমা দেওয়ার শেষ দিন থেকে ৭৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তি করতে হবে। এমজেএল বাংলাদেশের আইপিওতে অনাবাসী বিনিয়োগকারীদের জন্য চাঁদা জমা দেওয়ার জন্য শেষ দিন ছিল চলতি বছরের ১৫ জানুয়ারি।