
বাংলাদেশের মতো তুলনামূলক ছোট অর্থনীতিতে ৭ শতাংশ হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন কঠিন নয়। বরং বড় অর্থনীতিতেই এ রকম হারে প্রবৃদ্ধি অর্জন কঠিন।
এই বাস্তবতায় তাই আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, তা অর্জনযোগ্য বলে মনে করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তবে এই অর্জন কিছু শর্তসাপেক্ষ; যার মধ্যে আছে রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি।
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল সোমবার এমন অভিমতই প্রকাশ করেছে অর্থনীতি সমিতি। রাজধানীর ইস্কাটন গার্ডেনে সমিতির নিজস্ব কার্যালয়ে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়। এতে মূল বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধূরী। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি আবুল বারকাত।
তৌফিক আহমদ চৌধূরী বলেন, ধ্বংসাত্মক রাজনৈতিক পরিস্থিতি পরিহার করা গেলে জিডিপি প্রবৃদ্ধির হার আরও বাড়ানো সম্ভব। তিনি আরও বলেন, বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংকব্যবস্থা থেকে যে পরিমাণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে, তাতে প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। ২৬ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তাতে ব্যাংকের তারল্যে চাপ পড়বে। এতে সুদের হার বেড়ে যাবে, যা প্রবৃদ্ধির প্রধান সহায়ক শিল্প খাতকে ব্যাহত করবে, যা কর্মসংস্থান ও প্রবৃদ্ধির গতি হ্রাস পাবে।
সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মোট বাজেটে অন্য খাতগুলোর তুলনায় স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ অনেক কমেছে। এ অবস্থা কাম্য নয়।’
মূল্যস্ফীতির হার ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাকে ‘বাস্তবায়নযোগ্য চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করে তৌফিক আহমদ বলেন, বিভিন্ন কারণে খাদ্য মূল্যস্ফীতি কমতে পারে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শুধু অর্থের প্রবাহ টেনে ধরে কমানো সম্ভব নয়। এ জন্য শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বৈষম্য দূর করতে হবে।
তৌফিক আহমদ আরও বলেন, প্রস্তাবিত বাজেটের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ও দুর্বল দিক হলো সময়মতো ও মানসম্মত বাস্তবায়ন।
তৌফিক আহমদ বলেন, পুঁজিবাজারের উন্নয়নে সরকার বাজেটে ও বাজেটের বাইরে অনেক পদক্ষেপ নিলেও সাধারণ বিনিয়োগকারীরা ফিরে আসেননি। তাঁদের ফেরাতে ২০১০ সালে পুঁজিবাজারে ধসের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধের উদ্যোগ নিতে হবে।
আবাসন খাতে কালোটাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করে তৌফিক আহমদ বলেন, ‘কালোটাকার বিষয়ে এমন কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না, যাতে সৎ ব্যক্তিরা ভবিষ্যতে অসৎ হতে উৎসাহ পায়। কালোটাকা আবাসন খাতে বিনিয়োগের যে ফর্দ দেওয়া হয়েছে তা ভালো ফর্দ নয়।’
এ প্রসঙ্গে আবুল বারকাত বলেন, পাঁচ থেকে সাত লাখ কোটি টাকার সমপরিমাণ পুঞ্জীভূত কালোটাকা মূলধারায় আনা না গেলে হয়তো পুঁজি পাচারের চাপ তৈরি হবে। তাই কালোটাকা বিষয়ক একটি শ্বেতপত্র প্রকাশ ও একটি কমিশন গঠন করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া দরকার। আবাসন নয়, শিল্প ও অবকাঠামোতে কঠোর শর্তে বিনিয়োগের সুযোগের কথাও চিন্তা করা যেতে পারে।
পদ্মা সেতুর বরাদ্দকে স্বাগত জানিয়ে আবুল বারকাত বলেন, ‘যারা বলছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা সম্ভব নয় অথবা পদ্মা সেতুর জন্য বাজেটে বরাদ্দ রাখায় সামাজিক খাতে ব্যয় কমবে না, তাঁরা ঠিক বলছেন না। তাঁরা বিশ্বব্যাংকের দালাল।’
বারকাত আরও বলেন, ‘বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ হারে কর আরোপ করা উচিত। বাজেটের আগে আমরা অর্থমন্ত্রীকে এটা বলেছিলাম। কিন্তু তিনি তা পারেননি। কেননা, এখানে শক্তিশালী লবি কাজ করে। একইভাবে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য আমদানি বন্ধ অথবা উচ্চহারে করারোপের সুপারিশ করেছিলাম। অর্থমন্ত্রী এটাও পারেননি। কারণ, এই ব্যবসায় প্রভাবশালী ক্ষমতাধরেরা জড়িত।’
বাজেট বাস্তবায়নের হার গত কয়েক বছর ধরে ক্রমেই বাড়ছে উল্লেখ করে আবুল বারকাত বলেন, এবারের বাজেটও বাস্তবায়নযোগ্য। তবে তা নির্বিঘ্ন বা ঝুঁকিহীন নয়। তিনি আরও বলেন, ‘অনেকেই বাজেটকে জনতুষ্টিমূলক বলছেন। তাহলে কী তাঁরা জন অসন্তুষ্টির বাজেট চান?’