শস্য ঋণসীমা বাড়ল, নতুন ফল-ফলারি অন্তর্ভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের শস্য খাতে ঋণসীমা বাড়ানো ও নতুন বেশ কিছু ফল-ফলারির জন্য ঋণ নিয়মাচার করে নতুন কৃষিঋণ নীতিমালা তৈরি করা হয়েছে।
ফল-ফলারির এ তালিকাতে রয়েছে লটকন, লেবু, আমড়া, সফেদা ইত্যাদি। ওয়েল পাম চাষের জন্য ঋণ দেওয়াও এই নীতিমালার বিধানে রয়েছে। কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট খাতকেও এর আওতাভুক্ত করা হয়েছে।
কেঁচো কম্পোস্ট সার ও বায়ো ফার্টিলাইজারকে ২০০ কোটি টাকার নবায়নযোগ্য তহবিলের আওতায় পুনঃ অর্থায়ন সুবিধার মধ্যে নিয়ে আসা হয়েছে।
২০১৩-১৪ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালায় এগুলো নতুন অন্তর্ভুক্তি। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ নীতিমালা ঘোষণা করেছে। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে সব ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর আতিউর রহমান এই নীতিমালা ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নীতিমালা অনুযায়ী ফসল উৎপাদনের জন্য একজন কৃষককে সর্বোচ্চ ১৫ বিঘা বা পাঁচ একর বা দুই হেক্টর জমিতে চাষাবাদের জন্য ঋণ দেওয়া যাবে। এর আগে মাত্র পাঁচ বিঘা বা দেড় একর জমিতে ফসল উৎপাদনে ঋণ দেওয়া যেত। তবে নতুন নীতিমালাতে ইক্ষু ও আলু চাষের জন্য ঋণের সর্বোচ্চ সীমা আড়াই একর নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি জমিতে ফসল চাষের জন্য কৃষিঋণের আবেদন করলে ব্যাংক অতিরিক্ত জমিতে দেওয়া ঋণে প্রচলিত শর্ত বিবেচনা করতে পারবে। ঋণের ক্ষেত্রে চাষের ফসলকে জামানত হিসেবে বিবেচনা করতে হবে।
কৃষি ও পল্লি ঋণ নীতিমালা অনুযায়ী কৃষিঋণের প্রধান তিনটি খাত হচ্ছে শস্য, মৎস্য ও প্রাণীসম্পদ। এই তিন খাতে ঋণ বিতরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে নীতিমালায়।
আবার অপেক্ষাকৃত অনাগ্রসর ও উপেক্ষিত এলাকা, যেমন চর, হাওর, উপকূলীয় এলাকাতে কৃষিঋণ বিতরণে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বলা হয়েছে, কৃষিঋণ বিতরণে আরও স্বচ্ছতা আনতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণে গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিন সংশ্লিষ্ট ব্যাংক শাখার কর্মকর্তারা ক্যাম্প করে কৃষিঋণ-সংক্রান্ত তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারেন।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় উদ্বুদ্ধ করতে এবারের নীতিমালায় নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনাবাদি জমিতে চাষাবাদের জন্য বিশেষ সহযোগিতা ঋণ দেওয়ার কথাও বলেছে বাংলাদেশ ব্যাংক।
অনুষ্ঠানে ২০১৩-১৪ অর্থবছরের জন্য ১৪ হাজার ৫৯৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। এটি গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২৯ শতাংশ বেশি।
অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বলেন, মুদ্রানীতির সঠিক বাস্তবায়নের কারণে দেশের মূল্যস্ফীতি কমে এসেছে। বিশেষ খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে অনেকখানি। তিনি বলেন, ‘আমি মনে করি, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে দেশের মেহনতি কৃষকদের ঘাম ঝরানো খাদ্য উৎপাদন। দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’ এ বিষয়ে এবিবির চেয়ারম্যান ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিন বলেন, কৃষিঋণের সাধারণ প্রভিশনিং (নিরাপত্তা সঞ্চিতি) ৫ শতাংশ থেকে কমানো যায় কি না, তা বাংলাদেশ ব্যাংক ভেবে দেখতে পারে।