শস্যবিমার জন্য এবারও বরাদ্দ থাকছে
শস্যবিমার জন্য প্রতিবছরের বাজেটেই বরাদ্দ রাখা হচ্ছে। কিন্তু টাকা আর খরচ হচ্ছে না। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। আগের অর্থবছরে রাখা হয়েছিল ছয় কোটি টাকা। আগামী ২০১২-১৩ অর্থবছরেরও ভর্তুকি বাবদ এ খাতে বরাদ্দ রাখার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত বুধবার স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ বিভাগের একটি সূত্র জানায়, আগামী বাজেটেও শস্যবিমার জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তবে টাকার অঙ্ক এখনো চূড়ান্ত করা হয়নি। সূত্রমতে, চলতি অর্থবছরে মাত্র একটি উপজেলায় পরীক্ষামূলক চালু করা হলেও আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে আরও বিস্তৃত করা হবে শস্যবিমা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তব্যে বলেছিলেন, ‘দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হয়। তাঁদের শস্যমূল্য সহায়তার জন্য আমরা কৃষিবিমা চালু করার উদ্যোগ নিয়েছি।’সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগে জমির ফসল নষ্ট হলে কৃষককে ক্ষতিপূরণ দেওয়া এবং বন্যা, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শিলাবৃষ্টি এবং পোকামাকড়ের আক্রমণ থেকে দেশের কৃষিসম্পদকে রক্ষা করাই শস্যবিমা চালুর উদ্দেশ্য। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিশ্বের ১০০টির বেশি দেশে শস্যবিমা চালু রয়েছে। উন্নত দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, পর্তুগাল এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত, ফিলিপাইন, চীন, ব্রাজিল, মেক্সিকো, চিলি, কলাম্বিয়া, দক্ষিণ কোরিয়া এবং তুরস্কে শস্যবিমা চালু রয়েছে। চলতি অর্থবছরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় শস্যবিমা চালু করা হয়েছে। প্রসঙ্গত, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় ১৯৭৭ সালে দেশের প্রথম শস্যবিমা চালু করা হয়েছিল। ১৯৮১ সাল পর্যন্ত দেশের ৫৬ থানায় বিস্তৃত হয় এর আওতা। পরে তা আরও বাড়ানো হয়। কিন্তু ১৯৯৫ সালে প্রকল্পটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন শীর্ষপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে জানান, শস্যবিমার সফল বাস্তবায়নে ভারতের আদলে বাংলাদেশেও প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্যুরেন্স একাডেমি। এ জন্য কাজ চলছে। তবে শস্যবিমা চালুর জন্য ২০০৬ সালেই একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়। ৬৪ জেলার একটি করে থানায় পরীক্ষামূলকভাবে শস্যবিমা চালুর কথা ভাবা হয়েছিল। শস্য ছিল ধান, গম, আলু, পাট ও আখ—এ পাঁচটি। শস্যবিমা বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার বাড়া-কমা নির্ভর করে কৃষির ওপর। অথচ দেশের মোট জাতীয় শস্য উৎপাদনের ৬ দশমিক ৪ শতাংশ ধান এবং ২৩ শতাংশ গম প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়। এতে আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে কৃষক পরিবার। ফলে তারা পরে স্বাভাবিক কৃষি উৎপাদন বজায় রাখতে ব্যর্থ হন।