শহীদ মিনারেও পুলিশের ধাওয়া, এক বিনিয়োগকারী আটক
শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আন্দোলনকারী বিনিয়োগকারীদের কেন্দ্রীয় শহীদ মিনারেও দাঁড়াতে দেয়নি পুলিশ। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে বিনিয়োগকারীরা শহীদ মিনারের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমানকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ।প্রত্যক্ষদর্শী ও কর্মসূচিতে অংশগ্রহণকারী একজন বিনিয়োগকারী জানান, তাঁরা যেখানে যাচ্ছেন সেখানেই পুলিশ বাধা দিচ্ছে। শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গত রোববার বেলা ১১টা থেকে ডিএসইর সামনে আমরণ অনশন শুরু করে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ। গতকাল পৌনে নয়টার দিকে পুলিশ ডিএসইর সামনে থেকে অনশনরত বিনিয়োগকারীদের সরিয়ে দিলে তাঁরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেন। পুলিশ সেখান থেকেও তাঁদের সরিয়ে দিলে আজ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে এলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।