ব্যাংকের শাখা নেই, এমন এলাকায় নিকটস্থ ওষুধের দোকান, ডাকঘর অথবা ইউনিয়ন কার্যালয়ই এখন ছোট ব্যাংক শাখায় পরিণত হয়েছে। টাকা উত্তোলন ও জমা দুটোই করা যাচ্ছে এসব প্রতিষ্ঠান থেকে। তবে অর্থ সীমা সর্বোচ্চ ২৫ হাজার ও দিনে দুবার। ব্যাংকের পক্ষে এজেন্ট হিসেবে ব্যাংকিং সেবা প্রদান করছে এসব প্রতিষ্ঠান। দূরে অবস্থিত ব্যাংকের শাখায় না গিয়ে এসব এজেন্টের কাছেই ছুটছেন প্রায় ১ লাখ গ্রাহক।
প্রত্যন্ত অঞ্চলের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এজেন্ট ব্যাংকিংয়ের দিকেও মনোযোগ দিচ্ছে ব্যাংকগুলো। এজেন্টের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানই মূলত এজেন্ট ব্যাংকিং। সমাজের দরিদ্র ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকার জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনাই এর উদ্দেশ্য। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গত ডিসেম্বর মাসেই ২১৩ কোটি টাকা লেনদেন হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের অনুমতি পাওয়া ১২ ব্যাংকের ৬টি ইতিমধ্যে এ সেবা চালু করেছে। এ ছাড়া আরও একটি ব্যাংক অনুমোদনের জন্য আবেদন করেছে।
এ সেবায় যারা এজেন্ট হিসেবে কাজ করছে তারা ছোট অঙ্কের অর্থ জমা ও উত্তোলন করতে পারছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স স্থানীয় মুদ্রায় বিতরণ, ছোট অঙ্কের ঋণ বিতরণ ও আদায় এবং এককালীন জমার কাজও করতে পারছে। উপযোগ-সেবা, বিল পরিশোধের পাশাপাশি সরকারের অধীনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ প্রদান করতে পারছে এজেন্টরা। এ ছাড়া নীতিমালা অনুযায়ী ব্যাংক হিসাব খোলা, ঋণ আবেদন, ডেবিট ও ক্রেডিট কার্ডের নথিপত্র সংগ্রহ করতে পারছে এসব এজেন্ট।
বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে, ডাচ্-বাংলা ব্যাংক এ সেবা চালু করে বর্তমানে সবচেয়ে বেশি এজেন্ট তৈরি করেছে। সারা দেশে ৫৩৯ এজেন্ট রয়েছে ব্যাংকটির। এরপরই এগিয়ে ব্যাংক এশিয়া। সারা দেশে ৩২ জেলার ২৩০ এজেন্ট ব্যাংকটির সেবা দিচ্ছে। টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি পাসপোর্টের ফিও জমা দেওয়া যাচ্ছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। শিগগির সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সব ইউনিয়ন কেন্দ্রে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা পাওয়া যাবে। এ ছাড়া এনআরবি কমার্শিয়াল, আল-আরাফাহ ইসলামী, সোস্যাল ইসলামী ও মধুমতি ব্যাংকও সেবা চালু করতে এজেন্ট নিয়োগ দিয়েছে। এর বাইরে ট্রাস্ট, সাউথ বাংলা এগ্রিকালচার, স্টান্ডার্ড, ফার্স্ট সিকিউরিটি, অগ্রণী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এ সেবার অনুমোদন নিয়েছে। মিডল্যান্ড ব্যাংক অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে।
ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, ‘যাঁদের মধ্যে সঞ্চয় প্রবণতা আছে, তাঁরা দ্রুতই এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক হচ্ছেন। কারণ আমাদের এজেন্ট ব্যাংকিংয়ে আমানতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে বসে ব্যাংকের শাখার মতো সুদ পাওয়ায় গ্রাহকেরা সহসাই আকৃষ্ট হচ্ছে। এ ছাড়া এজেন্ট ব্যাংকিং যেহেতু ব্যাংকের একটি সেবা, তাই নিরাপত্তার বিষয়টিও গ্রাহকেরা প্রাধান্য দিচ্ছেন।’
ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা এ সেবার মাধ্যমে ২ বছর ধরে গ্রামের মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে যাচ্ছি। এতে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে দেশের সব ইউনিয়নে এ সেবা রাখার লক্ষ্যে কাজ চলছে। এ জন্য বিনিয়োগ ও জনবল বাড়ানো হচ্ছে।’
বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত নীতিমালা জারি করে ২০১৩ সালের ৯ ডিসেম্বর। নীতিমালা অনুযায়ী, এজেন্ট ব্যাংকিং পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে প্রত্যেক এজেন্টের একটি চলতি হিসাব রাখতে হবে। ওই হিসাবের সর্বোচ্চ স্থিতি হবে ১০ লাখ টাকা। গ্রাহক পর্যায়ে প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার টাকা নগদ জমা অথবা উত্তোলন করা যাবে। দৈনিক দুবারের বেশি নগদ উত্তোলন ও জমা করা যাবে না।
নীতিমালা অনুযায়ী, কোম্পানি আইনের আওতায় অনুমোদিত প্রতিষ্ঠান, আইটিভিত্তিক আর্থিক সেবা দিতে সক্ষম প্রতিষ্ঠান, বিমা কোম্পানির প্রতিনিধি, ফার্মেসি মালিক, চেইন শপ, পেট্রল পাম্প বা গ্যাস স্টেশনের মালিক, মোবাইল ব্যাংকিং প্রতিনিধি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন অফিস, অনুমোদন পাওয়া এনজিও, কো-অপারেটিভ সোসাইটির অধীন প্রতিষ্ঠান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন কুরিয়ার, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র এজেন্ট হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, গত ডিসেম্বরে ২০৮ এজেন্টের মাধ্যমে ১ লাখ ৪৬ হাজার ১৫টি লেনদেন সম্পন্ন হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। এতে লেনদেন হয়েছে ২১৩ কোটি টাকা। এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক হয়েছেন ৯৭ হাজার ৩৭ জন।
জানতে চাইলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অল্প সময়ে ভালো সাড়া পাচ্ছি। তবে এজেন্টদের ওপর নির্ভর করছে সেবা সম্প্রসারণের বিষয়টি।’