নতুন আইনের পর অনেকটা কমেছে
শাখা বন্ধ, জরিমানা দিতে হচ্ছে, তবু বাকিতে ব্যবসা বিমা কোম্পানিগুলোর
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিদর্শক দল গত ৪ জুলাই বেসরকারি সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির মতিঝিল শাখা পরিদর্শন করতে যায়। টাকা জমার রসিদ ও ব্যাংকের হিসাব বিবরণী পরীক্ষা করে দলটি প্রমাণ পায় যে আইন লঙ্ঘন করে কোম্পানিটি বাকিতে ব্যবসা করছে।এরপর ১ অক্টোবর সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মঞ্জুরুল হক, উপদেষ্টা আবু সালেহ ও উপ-মহাব্যবস্থাপক মো. ইউনূসকে শুনানিতে ডাকে আইডিআরএ। শুনানি গ্রহণ করেন আইডিআরএর চেয়ারম্যান এম. শেফাক আহমেদ ও সংস্থার চার সদস্য। কিন্তু কোম্পানির পক্ষে কেউই এতে সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই কোম্পানিটির মতিঝিল শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় আইডিআরএ। ব্যক্তিগতভাবে জরিমানা করা হয় এমডি মঞ্জুরুল হককে। বাকিতে ব্যবসার কারণে এভাবে গত এক বছরে পাঁচটি কোম্পানির শাখা বন্ধ করে দিয়েছে আইডিআরএ। সংস্থাটি একই সময়ে ১৪টি কোম্পানির এমডি ও শাখা ব্যবস্থাপকদের কাছ থেকে অর্ধকোটি টাকা জরিমানাও আদায় করেছে। প্রতি মাসে একই অপরাধে অর্থাৎ বাকিতে ব্যবসার কারণে অনেক কোম্পানিকেই জরিমানা গুনতে হচ্ছে। দেশে বর্তমানে ৪৩টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে।যেসব কোম্পানিকে জরিমানা করা হয়েছে, সেগুলো হচ্ছে: ফেডারেল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, মেঘনা জেনারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ইত্যাদি।আইডিআরএর কর্মকর্তারা জানান, বাকিতে ব্যবসা একটি অসুস্থ প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে বিমা খাতে এই প্রবণতা চলে আসছিল। নতুন বিমা আইন হওয়ার পর থেকে অবশ্য কমে আসছে। বাকিতে ব্যবসা করলে কোম্পানিগুলো নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় বলে আইডিআরএর পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু অনেকেই তা অনুসরণ করছে না।এভাবে জরিমানা করার পরও বাকিতে ব্যবসা বন্ধ না হওয়ার জন্য কোম্পানিগুলোর এমডিরাই দায়ী বলে স্বীকার করেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সাধারণ বিমা কোম্পানির এমডি। তিনি বলেন, ‘আমরা চাই ব্যবসা। সে ক্ষেত্রে বড় ব্যবসায়ীদের বিমা আমাদের কোম্পানিতে হোক, এটা আমাদের চাওয়া। কিন্তু সুবিধা না দিলে তাঁরা আসতে চান না। তখন আমরা বলি, টাকা পরে দিলেও সমস্যা নেই। বিমাটা আমাদের কাছে করুন। আর এভাবেই বাকির ব্যবসাটা শুরু।’আইডিআরএর চেয়ারম্যান শেফাক আহমেদ বলেন, বাকির ব্যবসা অনেক কমেছে। এটা থাকবে না। কারণ, নিজেদের অস্তিত্বের প্রয়োজনেই বাকির ব্যবসা বন্ধ করতে হবে। তবে এ ব্যাপারে কোম্পানির পরিচালকদের সহযোগিতার দরকার বলে তিনি মনে করেন।সাধারণ বিমা কোম্পানির মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ বিমা কোম্পানির যাঁরা পরিচালক, তাঁদের অনেকেরই নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁরা এসব প্রতিষ্ঠানের বিমা করেন নিজ মালিকানাধীন বিমা কোম্পানিতে। এ ক্ষেত্রে তাঁরা প্রিমিয়ামের কোনো টাকা দিতে চান না। কখনো বা কিছু টাকা দিয়ে বলেন, পরে দেওয়া হবে। কিন্তু পরে আর তাঁদের কাছ থেকে তা আদায় করা যায় না। নৌ বিমার ক্ষেত্রেই এ ঘটনাগুলো বেশি হয়ে থাকে।শেফাক আহমেদ বলেন, দেখা গেছে, একটা চেক দিল ৫০ হাজার টাকার। কিন্তু ব্যাংকে টাকা নেই। আবার হঠাৎ একজন এসে বলল, জরুরি মাল পাঠাতে হবে, জরুরি বিমা করতে হবে। কিন্তু এই মুহূর্তে টাকা নেই। সবকিছুর জন্যই টাকা আছে, বিমার জন্য নেই। এটা আর চলতে দেওয়া হবে না।তবে আইডিআরএ এক প্রজ্ঞাপন দিয়ে নিজ প্রতিষ্ঠানের ২৫ শতাংশের বেশি বিমা নিজ মালিকানাধীন বিমা কোম্পানিতে করা যাবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, বাকির ব্যবসা আগে হামেশাই হতো। এখনো হচ্ছে, তবে কম। বাকির ব্যবসা আগের তুলনায় ৮৫ শতাংশ কমে এসেছে বলে বিআইএর পর্যবেক্ষণে এসেছে।কবির হোসেন আরও বলেন, ‘আমরা চাই, বাকির ব্যবসা পুরোপুরি বন্ধ হোক।’ আইডিআরএর পদক্ষেপের পাশাপাশি কোম্পানিগুলো নিজেরা দায়িত্বশীল হলে সাধারণ বিমা কোম্পানিতে বাকির ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে বলে তিনি আশাবাদী।