অগ্রণী ব্যাংক লিমিটেডের জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজার শাখায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে সাধারণ কৃষকদের কাছ থেকে ঘুষ আদায় ও তাঁদের হয়রানি করার অভিযোগে শাখা ব্যবস্থাপক ও একজন মাঠ সুপারভাইজারকে তাত্ক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ।জানা গেছে, এলাকার কৃষকেরা ওই শাখার ব্যবস্থাপক মোজাফ্ফর হোসেন ও মাঠ সুপারভাইজার সামছুদ্দিনের বিরুদ্ধে ঘুষ আদায় ও হয়রানির অভিযোগ তুলে কৃষিমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির জয়পুরহাট অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক হাজেরা খাতুনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাই করেন। গত ১০ মার্চ তদন্ত কমিটি সরেজমিনে এলাকায় গেলে ভুক্তভোগী কৃষকেরা উল্লিখিত দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।তদন্ত কমিটির প্রধান হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে ব্যাংকের পক্ষ থেকে সরেজমিনে তদন্তে যাওয়া হয়। তদন্ত কমিটির কাছে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন কৃষকেরা। এ জন্য তাত্ক্ষণিকভাবে ওই দুই কর্মকর্তাকে মাত্রাই শাখা থেকে প্রত্যাহর করে নেওয়া হয়েছে।’তবে প্রত্যাহার হওয়া শাখা ব্যবস্থাপক মোজাফ্ফর হোসেন দাবি করেন, ‘তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়। ঘুষ আদায় বা কারও নামে অতিরিক্ত ঋণ উত্তোলনের অভিযোগও নির্ভেজাল মিথ্যা।’ তিনি আরও বলেন, এ এলাকার কৃষকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর শোধ দিতে চায় না। পরে আবার পরিবারের অন্য সদস্যদের নামে ঋণ নেওয়ার জন্য ব্যাংকে চাপ সৃষ্টি করা হয়। কিন্তু লোকসানি শাখা হওয়ায় ওই সব লোককে ঋণ দেওয়া সম্ভব হয় না। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে নানা উল্টাপাল্টা অভিযোগ করছেন।