শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব

সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

চলতি অর্থবছর পোশাক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কিছুটা কম ধরা হয়েছে। তবে বর্তমানে এমন একটা সময় যাচ্ছে, যখন আমরা বিভিন্ন কারণে একটু দুশ্চিন্তাগ্রস্ত। সেই হিসাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ ঠিক আছে। সব মিলিয়ে যদি শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ পাওয়া যায়, তাহলে ৩ হাজার ৩৮ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পোশাক রপ্তানি সম্ভব।
আমরা জানি, দেশে গ্যাসের সংকট আছে। তবে যে খাতে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা আছে সে খাতে সরকারকে সুযোগ-সুবিধা দেওয়া উচিত। কিছু জায়গা আছে যেমন অবৈধ সংযোগ ও সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বন্ধ করা হলে অনেক পোশাক কারখানায় প্রয়োজনীয় গ্যাস দেওয়া সম্ভব। এ ছাড়া অধিকাংশ সার কারখানা আমরা শুধু শুধু চালাচ্ছি। বিদেশ থেকে কাঁচামাল এনে দেশের মূল্যবান গ্যাস খরচ করে সার উৎপাদনের কতটুকু যৌক্তিকতা আছে, সেটি ভেবে দেখা দরকার।
সরকার যদি নীতি-সহায়তা অব্যাহত রাখে এবং উদ্যোক্তারা মসৃণভাবে ব্যবসা করতে পারেন, তবে পোশাক খাতের রপ্তানি আয় দ্রুত বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক সমস্যা মোকাবিলায় দূতাবাসগুলোকে আরও সক্রিয় হতে হবে। দেশের পক্ষে ইতিবাচক ব্র্যান্ডিং করতে হবে।

সভাপতি, বিজিএমইএ