শামীমা নাসরিন নিজের ৫০ শতাংশ শেয়ার হস্তান্তর করেছেন
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন নিজের অর্ধেক শেয়ার তাঁর মা ফরিদা তালুকদার ও ভগ্নিপতি মো. মামুনুর রশীদের কাছে হস্তান্তর করেছেন। ইভ্যালিতে তাঁর ৬০ শতাংশ শেয়ার (ছয় লাখ) ছিল। এর মধ্য থেকে তিন লাখ শেয়ার তাঁর দুই আত্মীয়ের কাছে হস্তান্তর করেন। এখন তাঁর কাছে তিন লাখ শেয়ার থাকছে।
এমন তথ্য উল্লেখ করে এ–সংক্রান্ত মামলায় (ইভ্যালি কোম্পানি অবসায়ন চেয়ে করা আবেদন) পক্ষভুক্ত হতে হাইকোর্টে আবেদন করেন শামীমা নাসরিন। শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ পক্ষভুক্তির আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের ৫০ শতাংশ শেয়ার তাঁদের শ্বশুর, শাশুড়ি ও ভায়রার কাছে হস্তান্তরের স্বাধীনতা রয়েছে বলে আদেশ দেন। ৬ এপ্রিল জামিনে মুক্তির পর ওই মামলায় পক্ষভুক্ত হতে শামীমা নাসরিন আবেদন করেন। আর শেয়ার হস্তান্তরে সহযোগিতার নির্দেশনা চেয়ে রাসেল হাইকোর্টে আরেকটি আবেদন করেন। আবেদনগুলো মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
আদালত ওই দম্পতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী শামীম আহমেদ মেহেদী। ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন। ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে ছিলেন আইনজীবী মোর্শেদ আহমেদ খান।
পরে আইনজীবী শামীম আহমেদ মেহেদী প্রথম আলোকে বলেন, রাসেল ও শামীমা পৃথক দুটি আবেদন করেন। পক্ষভুক্ত হতে শামীমার করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আর রাসেলের বাকি ৪০ শতাংশ (চার লাখ) শেয়ার হস্তান্তরে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির কমিশনারের প্রতি নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন।
ইভ্যালিতে পণ্য অর্ডার দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের ইভ্যালির এক গ্রাহক গত বছরের সেপ্টেম্বরে ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্ট আবেদন করেন। এর ধারাবাহিকতায় গত বছরের ১৮ অক্টোবর আদালত ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন। এরপর ইভ্যালির সাতটি গাড়ি নিলামের প্রক্রিয়া পরিচালনাসহ কয়েকটি বিষয় নিয়ে পরিচালনা পর্ষদ একটি আবেদন করে। শুনানি নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রাসেল ও তাঁর স্ত্রী, তাঁদের সন্তান, তাঁদের মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্য এবং ইভ্যালির ভবন মালিকের ব্যাংক (ব্যক্তিগত ও ব্যবসায়িক) হিসাব কেন জব্দ করা হবে না, এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে তাঁদের কারণ দর্শাতে বলেন। তারপর রাসেলের শ্বশুর, শাশুড়ি ও আত্মীয় আদালতে উপস্থিত হয়ে রাসেল ও তাঁর স্ত্রী শামীমার শেয়ার নেওয়ার মৌখিক ইচ্ছা প্রকাশ করেন। পরে ১৭ ফেব্রুযারি হাইকোর্ট ওই আদেশ দেন।