শাশা ডেনিমসের দাম দুই মাসে বেড়ে দ্বিগুণ
দুই মাসেরও কম সময়ে দ্বিগুণ হয়ে গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের শেয়ারের দাম। গতকাল সোমবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম উঠেছে ৭১ টাকায়।
গত বছরের মার্চে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ দামে উঠেছে কোম্পানিটির শেয়ারের দাম। এর মধ্যে গতকাল এক দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা ৮০ পয়সা বা প্রায় ৭ শতাংশ বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর শাশা ডেনিমসের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৫ টাকা ৩০ পয়সা। গতকাল দিন শেষে যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
এদিকে, হঠাৎ করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি না, তা জানতে চেয়ে গত ১৫ নভেম্বর কোম্পানিটির কাছে চিঠি দিয়েছিল ডিএসই কর্তৃপক্ষ। তার জবাবে কোম্পানিটি জানিয়েছিল, অপ্রকাশিত এমন কোনো তথ্য তাদের হাতে নেই, যা কোম্পানির মূল্য নির্ধারণ, শেয়ারের মালিকানা, পরিচালনা ও লাভ-লোকসানের ওপর প্রভাব ফেলতে পারে। তবে চিঠির জবাবে কোম্পানিটি এ-ও জানিয়েছিল, বাগেরহাটে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্রে অংশ নিয়েছে শাশা ডেনিমসের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিস পাওয়ার করপোরেশন।
তবে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ওই প্রকল্পের অনুমোদন পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। তবু কোম্পানিটির মূল্যবৃদ্ধি থামছে না। এদিকে কোম্পানিটি সর্বশেষ গত ২৪ অক্টোবর চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের যে প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ডিইপিজেডে অবস্থিত ডেনিম কাপড় প্রস্তুতকারী শাশা ডেনিমসের কার্যক্রম শুরু হয় ২০০০ সালে। এটি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। বর্তমানে কোম্পানিটির পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদের স্ত্রী, পুত্র ও কন্যা। ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল কোম্পানিটি। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪ শতাংশ।
এদিকে, দিন শেষে ডিএসইতে গতকাল সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। লেনদেন আগের দিনের চেয়ে ৭৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০৮ কোটিতে। প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।