
শাস্তি দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সে দেশের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) স্থগিত করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (এইউএসটিআর) মাইকেল ডিলানি।
শ্রমিক অধিকার এবং কারখানার কর্মপরিবেশ নিরাপদ করতে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাংলাদেশকে একটি জোরালো বার্তা দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে জানান ডিলানি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় মাইকেল ডিলানি এসব কথা বলেছেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার। এই বৈঠক সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। এ বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সফরে আসা প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন মাইকেল ডিলানি।
উল্লেখ্য, ২০১৩ সালের জুনে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের ঘোষণা দেয়, যা ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। এর পরিপ্রেক্ষিতে জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র সরকার ওই কর্মপরিকল্পনায় উল্লিখিত বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের অগ্রগতি পর্যালোচনা করছে উল্লেখ করলেও এ সম্পর্কে আগে থেকে মন্তব্য করতে চাননি মাইকেল ডিলানি। তিনি বলেন, ‘শ্রমিক অধিকার ও নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ সরকার এবং অন্য অংশীদারেরা বেশ কিছু কাজ করেছে। আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। চলমান কাজগুলোও শেষ করতে হবে।’
টিকফার বৈঠক সম্পর্কে মাইকেল ডিলানি বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত ও আনুষ্ঠানিক বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সংলাপ অনুপস্থিত। সে কারণে টিকফা খুব গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে, টিকফার মাধ্যমে অনেক কিছুই অর্জন করা যাবে। তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) অনুষ্ঠেয় টিকফার প্রথম সভায় আমরা দুটো কমিটি গঠন করতে চাইছি। একটি টিকফা শ্রমবিষয়ক কমিটি ও অন্যটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নবিষয়ক কমিটি। এসব কমিটি যৌথভাবে আন্তসংস্থা ও আন্তমন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে কাজ করবে।’
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার টিকফা সই করে।
মাইকেল ডিলানি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০৯ সালে যেখানে ছিল ৪০০ কোটি ডলার, ২০১৩ সালে তা ৬০০ কোটি ডলার ছাড়িয়েছে। ২০০৯ সালে বিশ্বমন্দার মধ্যেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের রপ্তানি বেড়েছিল ১১ শতাংশ। গত বছর পোশাকের রপ্তানি বাড়ে ১২ শতাংশ, যার পরিমাণ ৫০০ কোটি ডলারের বেশি।
মাইকেল ডিলানি বলেন, একের পর এক দুর্ঘটনা এবং দুর্বল শ্রম অধিকারের কারণে বাংলাদেশের পোশাক খাত ভাবমূর্তির ঝুঁকিতে পড়েছে। এটাই এখন এ খাতের বড় চ্যালেঞ্জ। এটি ক্রেতা ও বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে অন্যান্য দেশে চলে যেতে বাধ্য করবে।
ট্রেড ইউনিয়ন প্রসঙ্গে ডিলানি বলেন, অনেক কারখানার মালিক ট্রেড ইউনিয়নের সঙ্গে কাজ আগ্রহী না। হতে পারে তাঁদের সংখ্যা কম। তবে সেটা কোনো অজুহাত হতে পারে না। কারণ, এই গুটি কয়েক মালিকের আচরণই পুরো খাতের আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
এক প্রশ্নের জবাবে ডিলানি বলেন, মোস্ট ফেভারড নেশন (এমএফএন বা অনুকূল বাণিজ্যসুবিধা) শুল্ককাঠামোর আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের শুল্কায়ন হয়। এ ক্ষেত্রে চীন, ভারত, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশ যে শুল্ক দেয়, বাংলাদেশকেও একই হারে শুল্ক দিতে হয়, বেশি শুল্ক দিতে হয় না।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘কোনো কারখানা ভবন যদি শ্রমিকের জন্য অনিরাপদ হয়, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।’ তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা দেওয়া এবং টিকফায় বিষয়টি আলোচনার দাবি জানান।
অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলামের সভাপতিত্বে সভায় দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খান প্রমুখ বক্তব্য দেন।