শাহজালাল বিমানবন্দরে দুটি প্রবাসী বুথ চালু করল ব্র্যাক ব্যাংক
বহির্গামী যাত্রী বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স ও অন্যান্য ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক গত বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি সার্ভিস বুথ চালু করেছে।এর মধ্যে ‘প্রবাসী কল্যাণ বুথ’টি টার্মিনাল-১-এর ও ‘প্রবাসী বিনিয়োগ বুথ’টি টার্মিনাল-২-এর বহির্গমন লাউঞ্জে স্থাপন করা হয়েছে। এই বুথ দুটি থেকে বৈদেশিক মুদ্রা কেনাবেচা, অ্যাকাউন্ট বা হিসাব খোলা, রেমিট্যান্স-বিষয়ক পরামর্শ গ্রহণ, অনুমোদিত রেমিট্যান্স হাউস ও বৈধপথে রেমিট্যান্স পাঠানোসংক্রান্ত তথ্য, ইন্টারনেট ব্যাংকিং এবং দেশের পুঁজিবাজারে বিনিয়োগ ইত্যাদি সেবা দেওয়া হবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী প্রধান অতিথি হিসেবে বুথ দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।